ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সরকারকে যথেষ্ট সময় না দিয়েই বিএনপি হরতাল ডেকেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “নিখোঁজ ইলিয়াস আলীর বিষয়ে সরকারের সহযোগিতার জন্য বিরোধী দলের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সরকারের পক্ষ থেকে তাদের আন্তরিকতার সঙ্গে আশ্বস্ত করা হয়েছে। কিন্তু ন্যায়সঙ্গত সময় না দিয়েই বিরোধী দল হরতাল আহ্বান করেছে।”
মঙ্গলবার থেকে নিখোঁজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াসের সন্ধানে বুধবার সারাদেশে হরতালের কর্মসূচি দেয় বিএনপি। সাবেক এই সংসদ সদস্যকে রোববার পর্যন্ত উদ্ধার করা যায়নি। একটি তথ্যের ভিত্তিতে শনিবার রাতে গাজীপুরে র্যাব অভিযান চালালেও তা নিস্ফল হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সরকারের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পার না হতেই দেশের বিভিন্ন স্থানে বিরোধী দল সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। প্রথমে সিলেটে হরতাল দিয়ে জানমালের ক্ষতি করেছে, এর পর সারাদেশে হরতাল ডেকে আগের রাতে হত্যাসহ নাশকতামূলক কর্মকাণ্ড করেছে।”
বিএনপির হরতালের আগের দিন ঢাকায় অন্তত আটটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে নিহত হয় এক জন গাড়িচালক।
খিলগাঁওয়ে গাড়িতে আগুনের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “সরকার যখন ইলিয়াসের স্ত্রী সন্তানের আহাজারি শুনছে, তখন বিরোধী দল মানুষ হত্যায় লিপ্ত হয়ে নিখোঁজ ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।”
ইলিয়াসকে ‘গুম’ করা হয়েছে বলে বিরোধী দলের অভিযোগের বিষয়ে টুকু বলেন, বিরোধী দলের কাছে কোনো তথ্য থাকলে তা সরকারকে দেওয়া উচিত।
ইলিয়াস নিখোঁজের ঘটনাটি ‘দুঃখজনক ও অনভিপ্রেত’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধারে সর্বশক্তি দিয়ে কাজ করছে।
“তবে অনেক ঘটনা পারি, আবার অনেক ঘটনা পারি না, এটা বাস্তবতা,” স্বীকারোক্তি তার।
বিরোধী দলের কর্মসূচির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “বিরোধীদল ধংসাত্মক কর্মসূচির উদ্দেশ্য কি গণতন্ত্র নাসাৎ করা, যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করা, নাকি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করা।”
বিরোধী দলের লাগাতার হরতালের হুমকির প্রতিক্রিয়া জানতে চাইলে টুকু বলেন, “চারদলীয় জোট এখন ১৮ দল হয়েছে, তারা যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে একাট্টা হয়েছে, তারা কর্মসূচি দিতেই পারে, সরকারের পক্ষ থেকে জান-মালের রক্ষার দায়িত্ব থাকবে।”
দমন-পীড়নের যে অভিযোগ বিরোধী দল তুলেছে, সে বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “পিকেটিং করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করে, শান্তিপূর্ণ কর্মসূচির নামে অরাজকতা সৃষ্টি করছে বলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এইচএসসি পরীক্ষা চলাকালে হরতাল দেওয়ার সমালোচনাও করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24