২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে চট্টগ্রামে নয়জন আটক

হরতালে পিকেটিং ও গাড়ি ভাংচুর চেষ্টার অভিযোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে নয়জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 06:01 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর টকম)- হরতালে পিকেটিং ও গাড়ি ভাংচুর চেষ্টার অভিযোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে নয়জনকে আটক করেছে পুলিশ। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার সারাদেশে বিএনপির হরতাল চলছে। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত জানান, ওয়াসার মোড় থেকে পাঁচজন, অলংকার মোড় থেকে তিনজন এবং খুলশী এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। সকাল থেকে নগরীর বেশ কয়েকটি স্থানে বিএনপি নেতারা অবস্থান নিয়ে পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ তা করতে দেয়নি। এছাড়া নগরীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। নগরীর অলংকার মোড়ে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এবং নাসিমন ভবনের সামনে নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন। এছাড়া বহদ্দারহাট মোড় ও ওয়াসার মোড়েও বিএনপি কর্মীরা হরতালের সমর্থনে সভা-সমাবেশ করে। সকাল থেকে নগরীতে রিকশা-সিএনজি অটোরিকশা ছাড়া অন্য কোন কিছু চলাচল করেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে বিচ্ছিন্নভাবে কয়েকটি বাস-ট্রাক চলাচল করতে দেখা যায়। নগরী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। ব্যাংক-বীমাসহ বিভিন্ন অফিস আদালত খোলা থাকলেও কার্যক্রম চলেছে সীমিত আকারে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ (সিইপিজেড) বিভিন্ন এলাকায় গার্মেন্টসগুলো যথারীতি খোলা ছিল এবং কাজ চলতে দেখা গেছে। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানান, বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে পণ্য পরিবহন হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১১৪৯ ঘ.