সিলেট, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা হরতাল তার নিজের জেলা সিলেটে সকাল থেকে শান্তিপূর্ণ হলেও দুপুরের পর পুলিশের সঙ্গে চারটি স্থানে নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ বেঁধেছে। পুলিশ প্রায় একশ রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।
সংঘর্ষের সময় অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ ৫১ জনকে আটক করেছে বলে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
রোববার সকালে কয়েক দফা মিছিলের পর বিএনপি নেতারা নগরীর জিন্দাবাজার সিটি সেন্টার এলাকায় অবস্থান নেয়। পরে বেলা সাড়ে ১২ টায় জমিয়তে উলামায়ে ইসলাম একটি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।
এসময় হরতাল সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ২০ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৩০-রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
সংঘর্ষের সময় গোটা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট-পাটকেল ছোড়ে পিকেটাররা। এসময় পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি আতাউর।
এছাড়া নগরীর টুকের বাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর সেখান থেকে গ্রেপ্তার করা হয় ২০ জনকে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে বলে জানান সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এজাজ আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে পুলিশ ও পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, ইলিয়াসের নির্বাচনী এলাকা বিশ্বনাথ উপজেলায় পিকেটাররা দুপুর ১২টার দিকে থানা ঘেরাও করলে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এছাড়া উপজেলা সদরে পিকেটাররা একটি সংবাদপত্রবাহী অটোরিকসা ও ওষুধের দোকান ভাংচুর করেছে। আগুন দিয়েছে একটি খাবারের দোকানেও।
এসময় সেখান থেকে ১১ পিকেটারকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ৫০ রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয় বলে জানান সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসেন।
তিনি জানান, সকালে বিশ্বনাথে আরো তিন পিকেটারকে আটক করা হয়েছিলো।
এর আগে সকাল ১০টায় জিন্দাবাজার এলাকায় মিছিল করতে চাইলে জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এছাড়া চৌহাট্টা এলাকায় স্বেচ্ছাসেবক দল মিছিল করতে চাইলেও পুলিশি বাধার কারণে সফল হয়নি।
হরতালের কারণে সকাল থেকে আম্বরখানা, চৌহাট্টা, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, সিটি পয়েন্টসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি রয়েছে র্যাবের টহল।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, “নগরবাসীর নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে।”
তিনি বলেন, সকালে জিন্দাবাজার এলাকা থেকে সাইদুল এনাম চৌধুরী লাহিন (২৮) ও এনামুল হক চৌধুরী শামীম (৩২) নামের দুই ছাত্রদলকর্মীকে ছোরা ও মটর সাইকেলসহ আটক করেছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানা জানায়, হরতাল চলাকালে ভাবনার মোড় থেকে তারা এক পিকেটারকে আটক করেছে।
সকালে শহরের বিভিন্ন এলাকায় কিছু রিকশা চলতে দেখা গেলেও ভারী যানবাহন চলছে না। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক।
হরতালের কারণে অধিকাংশ এলাকায় রাস্তাঘাট ফাঁকা। বেশিরভাগ দোকানপাটও বন্ধ রয়েছে।
সিলেটের ১২ উপজেলাতে পরিস্থিতি শান্তিপূর্ণ বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেলা শহরের রিকশা চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলছে না। শহরের বেশিরভাগ দোকানপাটই বন্ধ।
সকাল ৮টায় শহরের প্রধান সড়কের শায়েস্তানগর ঈদগাহ এলাকা থেকে পুলিশ ৪ পিকেটারকে আটক করে। তারা হলেন- আজিজুল ইসলাম (৩৫), সুমন মিয়া (৩০), জুয়েল মিয়া (২৮) ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ (৩০)।
শায়েস্তানগর, কোর্ট স্টেশন, বেবীস্ট্যান্ড, পৌর বাস টার্মিনাল, চৌধুরীবাজার খোয়াইমুখ পয়েন্টসহ বিভিন্ন স্থানে বিএনপির স্বল্প সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন। তবে জোরালো পিকেটিং দেখা যায়নি।
বিএনপির সিলেট জেলার সভাপতি ইলিয়াসের সন্ধান দাবিতে এর আগে বৃহস্পতিবারও হরতাল হয় সিলেট বিভাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪২৬ ঘ.
bdnews24