২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব-আতিউরকে নওয়াব আলী চৌধুরী পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপ্রতিষ্ঠাতা নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর নামে প্রবর্তিত পুরস্কারে ভূষিত হয়েছেন ড. আতিউর রহমান ও সাকিব আল-হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 07:26 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপ্রতিষ্ঠাতা নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর নামে প্রবর্তিত পুরস্কারে ভূষিত হয়েছেন ড. আতিউর রহমান ও সাকিব আল-হাসান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর ও জাতীয় দলের ক্রিকেটার সাকিবসহ আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বছরের নবাব নওয়াব আলী চৌধুরী জাতীয় পুরস্কার দেওয়া হয়। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ৮৩তম মৃত্যুবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। নওয়াব আলী-হাসান আলী স্মৃতি সংসদ ওই অনুষ্ঠানের আয়োজন করে। খেলাধুলায় বিশেষ নৈপুণ্যের স্বাক্ষর রাখায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল-হাসানকে এবং অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আতিউর রহমানকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়া অন্যরা হলেন- প্রয়াত অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চু (মুক্তিযুদ্ধ), ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম (সাংবাদিকতা), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সভাপতি মাহবুব জামান (আইসিটি), অ্যাকশন এইডের আঞ্চলিক পরিচালক ফারাহ কবীর (নারীর ক্ষমতায়ন)। এছাড়া শিক্ষায় নটরডেম কলেজ এবং দারিদ্র দূরীকরণে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনকে পুরস্কার দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০১২৫ ঘ.