চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়াবা রেখে ফাঁসাতে গিয়ে গ্রেপ্তার হওয়া র্যাব সোর্স এবায়দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমেদের আদালতে র্যাব ‘সোর্স’ এবায়দুরকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজতের (রিমান্ড) আবেদন জানায় পুলিশ।
শুক্রবার সকালে নগরীর আবেদন কলোনি এলাকায় শরিফুল রিন্টু নামে এক ব্যক্তির বাড়িতে ইয়াবা আছে এমন সংবাদ দিয়ে র্যাব সদস্যদের অভিযানের জন্য নিয়ে যান এবায়দুর।
তল্লাশি চালাতে গেলে এবায়দুর শরিফুলদের ঘরে একটি প্যাকেট ফেলে রাখার সময় পরিবারের সদস্যরা তাকে ধরে ফেলে এবং পুলিশের কাছে তুলে দেয়।
ওই প্যাকেট তল্লাশি করে তার ভেতর দুইশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ সময় আইয়ুব নামে আরেক র্যাব সোর্স উপস্থিত থাকলেও তিনি পালাতে সক্ষম হয়।
গৃহকর্তা শরিফুল দাবি করেছেন, তাদের জায়গা দখল নিয়ে রাউজানের ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান ও তার সঙ্গীরা ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছেন।
তবে র্যাব বলেছে, তাদের সোর্স ভুল তথ্য দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছে। এ ঘটনা র্যাবের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৫২ ঘ.
bdnews24