জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের শিক্ষক ধর্মঘটসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকরা।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চে’ এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, ২৩-৩০ এপ্রিল পর্যন্ত প্রশাসনিক ভবনে সর্বাত্মক অবরোধ এবং অনির্দিষ্টকালের জন্য শিক্ষক ধর্মঘট চলবে।
অধ্যাপক নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ এপ্রিল থেকে উপাচার্য (ভিসি) তার কার্যালয়ে অনুপস্থিত থেকে কীভাবে স্বপদে বহাল রয়েছেন তা বোধগম্য নয়, অনিয়ম ও সন্ত্রাসের মদদদাতা উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”
গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিভাগে ৩২ জনকে শিক্ষক নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন শুরু করেন বিভিন্ন দল ও মতের শিক্ষকরা।
এর পরপরই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের নিহত হয়। এই হত্যার বিচার, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখাসহ বিভিন্ন দাবিতে তখন থেকেই এ পক্ষের শিক্ষকরা আন্দোলন চালিয়ে আসছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক এমএ মতিন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক নঈম সুলতান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক রশীদ হারুন, অধ্যাপক এনামুল্লাহ পারভেজ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএ মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৪৫ ঘ.
bdnews24