আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুসন্ধান ও কূপ উন্নয়নে দীর্ঘসূত্রতায় শিগগিরই গ্যাস সংকট নিরসনের কোনো আশা দেখাতে পারছে না রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন- পেট্রোবাংলা।
এই সংস্থার হিসাব অনুযায়ী, ২০১৩ সালে দেশে গ্যাসের দৈনিক চাহিদা দাঁড়াবে গড়ে তিন হাজার ৮১৪ মিলিয়ন ঘনফুট। সরবরাহ বাড়ানোর জন্য নেওয়া প্রকল্পগুলো বর্তমানে যে গতিতে এগোচ্ছে- তা ঠিক থাকলে আগামী বছরের শেষ নাগাদ গ্যাস উৎপাদন দাঁড়াবে সর্বোচ্চ তিন হাজার মিলিয়ন ঘনফুট।
অর্থাৎ, গড়ে অন্তত ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি নিয়েই ২০১৩ সাল শেষ করতে হবে বাংলাদেশকে। আর কোনো কারণে কোনো প্রকল্প বাস্তবায়নে অনিশ্চিয়তা দেখা দিলে উৎপাদন আরো কমে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলা চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিকল্পনামতো কাজ শেষ করতে গিয়েও দেখা যায় অপ্রত্যাশিত ঝুঁকি ও সমস্যা সৃষ্টি হয়। সেখানে পেট্রোবাংলার কিছু করণীয় থাকে না।”
অর্থ বরাদ্দ, কারিগরি ও প্রযুক্তিগত নানা জটিলতার মোকাবিলা করেই গ্যাস খাতের উন্নয়নে অগ্রসর হচ্ছে বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের এই অধ্যাপক।
চলতি সরকারের মেয়াদে গ্যাস সংকট নিরসনের আশা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে সরকারে যারা ঊর্ধ্বতন পর্যায়ে আছেন, তাদের সহযোগিতা দরকার।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদ ২০১৪ সালের জানুয়ারি মসে পূর্ণ হচ্ছে।
গত ১০ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, ২০১৫ সালে গ্যাসের চাহিদা দাঁড়াবে দৈনিক চার হাজার ৩২৮ মিলিয়ন ঘনফুট।
বর্তমানে দুই হাজার ৮০৯ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে দৈনিক গড়ে দুই হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস উৎপাদন হচ্ছে। সেই হিসাবে ঘাটতি থাকছে ৫৫০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট।
এই চাহিদা পূরণে ২০১২ ও ১৩ সালে মোট ১৮টি অনুসন্ধান ও উন্নয়ন কূপ খনন করার পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার।
তবে রিগের সংখ্যা কম হওয়ায় এবং এক কূপ থেকে আরেকটিতে রিগ ও যন্ত্রাংশ স্থানান্তর সময়সাপেক্ষ বিষয় বলে সুনেত্র ও শ্রীকাইল ছাড়া অন্য কোথাও এখনই খনন শুরু করা সম্ভব হচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বর্তামানে সুনেত্র ও শ্রীকাইলে রিগসহ যন্ত্রাংশ স্থান্তান্তরের কাজ চলছে। আর পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড- বাপেক্স এ দুটি স্ট্রাকচারের দায়িত্বে রয়েছে।
বাপেক্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন জানান, আগামী দুই মাসের মধ্যে এসব স্ট্রাকচারে কূপ খনন শুরু হলে এবং সেখানে গ্যাস পাওয়া গেলেও ওই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে আগামী বছরের জানুয়ারি বা ফেব্র“য়ারি পর্যন্ত সময় লেগে যাবে।
এদিকে পরিকল্পনায় একটি কূপ খননের জন্য তিন থেকে চার মাস এবং খননের পর তিন মাসের মধ্যে গ্যাস গ্রিডে সরবরাহ করার কথা থাকলেও সে অনুযায়ী কাজ হচ্ছে না।
গত বছর নোয়াখালীতে চালু হওয়া সুন্দলপুর গ্যাসক্ষেত্রের গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে সময় লেগেছে এক বছর। এর আগে ফেঞ্চুগঞ্জের একটি উন্নয়ন কূপ খনন করে সেখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করতে প্রায় দুই বছর সময় লেগে যায়।
কূপ খননে দীর্ঘসূত্রতার কথা স্বীকার করে আমজাদ হোসেন বলেন, “অর্থ ছাড় থেকে শুরু করে কারিগরি নানা দুর্বলতার কারণে দেরি হয়ে গেছে। তবে এরপর থেকে দ্রুত করার চেষ্টা করা হচ্ছে।”
বাপেক্স সম্প্রতি কাপাসিয়ায় অনুসন্ধান কূপ খনন করলেও গ্যাস না পাওয়ায় কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী মোবারকপুর ও রূপগঞ্জে একটি করে অনুসন্ধান কূপ এবং তিতাসে দুইটি, সালদায় একটি, ফেঞ্চুগঞ্জে একটি, বাখরাবাদে একটি, সুনেত্রে একটি, শাহবাজপুরে দুইটি, বেগমগঞ্জে একটি, সেমতাংয়ে একটি, শ্রীকাইলে একটি এবং রশিদপুরে দুইটি উন্নয়ন খূপ খনন করার কথা রয়েছে ২০১৩ সালের মধ্যে।
এছাড়া আরো ১০টি কূপ (অনুসন্ধান ও উন্নয়ন) খননের জন্য রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে আগামী ২৬ এপ্রিল চুক্তি করতে যাচ্ছে পেট্রোবাংলা।
চুক্তি হলে তিতাস গ্যাসক্ষেত্রের ১৯, ২০, ২১, ২২ নম্বর কূপ, রশিদপুর গ্যাসক্ষেত্রের ৮ নম্বর কূপ এবং বেগমগঞ্জ, শাহাবাজপুর, শ্রীকাইল, সেমুতাং ও সুন্দলপুর গ্যাসক্ষেত্রে পাঁচটি অনুসন্ধান কূপ খনন করবে গ্যাজপ্রম। খননে গ্যাস মিললে জাতীয় গ্রিডে তা সরবরাহ করবে ২০১৩ সালের মধ্যে।
তবে এসব অনুসন্ধান কূপের কোনটিতে যদি গ্যাসের সন্ধান না মেলে তাহলে ঘটিতি থেকেই যাবে।
আন্তর্জাতিক কোম্পানি শেভরন সম্প্রতি মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের ৭ ও ৯ নম্বর উন্নয়ন কূপ খননের কাজ শেষ করেছে। আর বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বর্তমানে তিনটি উন্নয়ন কূপ খনন করছে তারা।
এর মধ্যে মৌলভীবাজার থেকে দৈনিক গড়ে ৪০ মিলিয়ন ও বিবিয়ানা থেকে ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যোগ হওয়ার কথা রয়েছে ২০১৩ সালের মধ্যে।
এছাড়া কাতার থেকে ৫০০ মিলিয়ন ঘনফুট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার কথা রয়েছে ২০১৩ সালের অক্টোবরে। কিন্তু এখন পর্যন্ত এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ না হওয়ায় এই আমদানি নিয়েও সংশয় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১২৪৫ ঘ.
bdnews24