ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে (আঙ্কটাড) যোগ দিতে কাতার গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহার পথে রওনা হন প্রধানমন্ত্রী।
দোহার স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী পৌঁছান বলে সংবাদ সংস্থা বাসস জানিয়েছে।
সম্মেলন আয়োজক কমিটির প্রধান কাতারের বাণিজ্য উপমন্ত্রী সৌদ আল জাফর এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী দোহার ফোর সিজন্স হোটেলে উঠেছেন। চার দিনের সফরে তিনি এই হোটেলেই থাকবেন।
এই শহরেই ২১ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ আঙ্কটাড সম্মেলন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ব বিনিয়োগ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান এবং নৈশ ভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
শনিবার সকালে বিশ্ব বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি প্রশ্নোত্তর পর্বেও অংশ নেবেন। বিকালে কাতারের জাতীয় সম্মেলন কেন্দ্রে আঙ্কাটাড সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রোববার সাক্ষাত করার কথা রয়েছে শেখ হাসিনার। সেদিনই দোহায় ‘বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল স্কুল ও কলেজ পরিদর্শন এবং কাতার প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় যোগ দেবেন তিনি।
এছাড়া সোমবার দোহায় ‘উন্নয়নে নারী’ বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
কাতার সফরে ৬১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এবং সংসদ সদস্য ইমরান আহমেদ, নিলুফার জাফরউল্লাহ, এ বি এম আবুল কাসেম ও তহুরা আলী রয়েছেন।
এর আগে সকালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, পর্যটনমন্ত্রী ফারুক খান, বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান ও উচ্চ পদস্থ কর্মকর্তারা।
কাতার সফর শেষে আগামী ২৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমআই/২১১৫ ঘ.
bdnews24