রাজবাড়ী/কুষ্টিয়া, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মটরসাইকেলসহ চুরির ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আর কুষ্টিয়ায় গ্যারেজ থেকে একসঙ্গে চুরি গেছে আটটি মটরসাইকেল।
রাজবাড়ীর প্রতিনিধি বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রহমানকে উদ্ধৃত করে জানান, গত ১৫ এপ্রিল বহরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিমের বাড়ি থেকে একটি মটরসাইলে চুরি হয়।
বুধবার রাতে রেজাউল চরফরিদপুর এলাকায় তার মটরসাইকেলটি দেখে চিনতে পেরে এলাকাবাসীর সহায়তায় ওই দুই ব্যক্তিকে আটক করে থানায় দেন।
আটককৃতরা হলেন- বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আব্দুর রউফের ছেলে শফিকুল ইসলাম।
এ ঘটনায় রেজাউল করিম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় আটককৃত দুই জনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে কুষ্টিয়ার শহরে পুলিশ লাইনের সামনে অভিজাত আবাসিক এলাকা ফয়সাল টাওয়ারের তিন নম্বর ইউনিটের গ্যারেজ থেকে বুধবার রাতে একসঙ্গে আটটি মটরসাইকেল চুরি হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল উদ্দিন।
এগুলোর মধ্যে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মোরাদুলের মটরসাইকেলও ছিল। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৫১০ ঘ.
bdnews24