ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি হরতাল ডাকার পর সারাদেশে রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার রাতে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে।”
রোববার প্রকৌশল অঙ্গন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র, সমরবিদ্যা (তত্ত্বীয়) প্রথম পত্র, গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়) প্রথম পত্র, পরিসংখ্যান (তত্ত্বীয়) প্রথম পত্র, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (রসায়ন), সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (জীববিজ্ঞান) এবং ক্রীড়া (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুম করা হয়েছে দাবি করে বিএনপি রোববার সারাদেশে হরতাল ডেকেছে।
একইদাবিতে বৃহস্পতিবার সিলেটে স্থানীয় বিএনপি হরতাল ডাকায় সেদিনের পরীক্ষা স্থগিত করেছে সিলেট বোর্ড।
তবে বৃহস্পতিবার অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সিলেট ও কারিগরি বোর্ডের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
এইচএসসিতে বৃহস্পতিবার পৌরনীতি দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম)-এর দ্বাদশ শ্রেণীর লাইভস্কিলড ডেভেলপমেন্ট, একাদশ শ্রেণীর সেক্রেটারিয়াল প্রাকটিসেস: এইচএসসি ভোকেশনালের পদার্থ বিজ্ঞান-১ এবং ডিপ্লোমা ইন কমার্সের উচ্চতর হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল এদিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২৩৪০ ঘ.
bdnews24