লিটন হায়দার
অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীকে সরকারি কোনো বাহিনী তুলে নিয়েছে বলে বিএনপি দাবি করলেও র্যাব এবং গোয়েন্দা পুলিশ বলছে, তাদের হেফাজতে নেই তিনি।
নিখোঁজ বিএনপি নেতার সন্ধানে অভিযান শুরু হয়েছে বলেও এই দুটি সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর বনানীর বাসায় ফেরার পথে নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস এবং তার গাড়িচালক আনসার।
তাদের বহনকারী গাড়িটি পরিত্যক্ত অবস্থায় ইলিয়াসের বাসার কাছ থেকে উদ্ধার করে বনানী থানা পুলিশ। স্বামী নিখোঁজ হওয়ার ঘটনায় তাহসীনা রুশদীর লুনা বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, “সরকারের তরফ থেকে ইলিয়াস আলীকে তুলে নেওয়া হয়েছে।”
ইলিয়াসের নিখোঁজের বিষয়ে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইলিয়াস আলীকে র্যাব গ্রেপ্তার কিংবা আটক করেনি। তার নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পর র্যাব নিজ দায়িত্ববোধ থেকেই তদন্ত শুরু করেছে।”
এ জন্য র্যাবের একটি বিশেষ দল কাজ করছে বলে জানান তিনি। “কাজের অগ্রগতি শীর্ষ কর্মকর্তাদের সময় সময় অবহিত করতে হচ্ছে,” বলেন র্যাব মুখপাত্র।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি নেতা তাদের হেফাজতে নেই।
“থানা পুলিশও তাকে গ্রেপ্তার করেনি। তবে তার নিখোঁজ হওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তাকে এবং গাড়িচালককে খুঁজে বের করার চেষ্টা চলছে,” বলেন গোয়েন্দা পুলিশের এই উপকমিশনার।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানা পুলিশ এই নিখোঁজ ঘটনার রহস্য উন্মোচনে বেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে যা যা করণীয়, তা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২০১৭ ঘ.
bdnews24