২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রশ্ন হল, বিড়াল ইঁদুর ধরে কি না’

রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, দুর্নীতির ‘কালো বিড়াল’টি খুঁজে বের করার কথা; আর ওই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ওবায়দুল কাদের বলেছেন, বিড়াল কালো কি ধলা, সেটা মুখ্য নয়, প্রশ্ন হল সেটি ইঁদুর ধরে কি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, দুর্নীতির ‘কালো বিড়াল’টি খুঁজে বের করার কথা; আর ওই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ওবায়দুল কাদের বলেছেন, বিড়াল কালো কি ধলা, সেটা মুখ্য নয়, প্রশ্ন হল সেটি ইঁদুর ধরে কি না। ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির জন্য সুরঞ্জিত পদত্যাগ করার পর ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে যোগাযোগমন্ত্রী কাদেরকে। সুরঞ্জিতকে করা হয়েছে দপ্তরবিহীন মন্ত্রী। দায়িত্ব পাওয়ার পর বুধবারই রেলভবনে যান ওবায়দুল কাদের, যিনি গত ২৮ নভেম্বর সুরঞ্জিতের সঙ্গেই মন্ত্রিত্বের শপথ নিয়েছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের বলেন, “প্রত্যাশার চাপ অনুভব করছি, আমি চ্যালেঞ্জ ভালবাসি, সবচেয়ে খারাপ সময়েও আমি আশাবাদী।” “সাত দিনও যদি এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকি তাহলে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব,” বলেন তিনি। নতুন কোনো মন্ত্রী না দিয়ে কেন তাকে অতিরিক্ত দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী- জানতে চাইলে কাদের বলেন, নতুন মন্ত্রী, শপথ ও অন্যান্য বিষয়ে সময় প্রয়োজন, তাই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। “আমাকে অতিরিক্ত বা সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যে কোনো সময় নতুন মন্ত্রী দিতে পারেন।” আগের মন্ত্রীর সহকারীর অর্থ কেলেঙ্কারির বিষয়ে কাদের বলেন, তদন্ত প্রক্রিয়াধীন। দলীয় সহকর্মী সুরঞ্জিতের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “তিনি মোর‌্যাল ও ইথিক্যাল গ্রাউন্ডে পদত্যাগ করেছেন, এখন সুষ্ঠু তদন্তে কোন বাধা নেই।” সুরঞ্জিতের প্রশংসা করে কাদের বলেন, গত কয়েক মাসে রেলের ভালো পরিবর্তন এসেছে, সময়সূচি ও টিকেটিং ব্যবস্থায় অনেক উন্নত হয়েছে, এর দাবিদার তিনি (সুরঞ্জিত)। রেলের নিয়োগ দুর্নীতি বন্ধে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন, “নিয়োগ প্রক্রিয়ার বিষয়গুলো আগে জানতে দিন, বুঝতে দিন। যদি অনিয়ম করে নিয়োগ হয়ে থাকে, তাহলে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। তবে এক্ষেত্রে দেখতে হবে, যদি আমি সে সময় পাই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/২০০৪ ঘ.