চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আঞ্চলিক গানের গীতিকার ও সুরকার এম এন আখতার মারা গেছেন।
বুধবার দুপুর ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন। মৃত্যুকালে এম এন আখতারের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
ছোট ছেলে মাহফুজুল আখতার রানা বিডিনিউজ টোয়েন্টিফেরা ডটকমকে জানান, তার বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এম এন আখতার চট্টগ্রামের আঞ্চলিক গানের গীতিকার, সুরকার ও গায়ক। এ ছাড়া আধুনিক ও মাইজভাণ্ডারী গানও লিখেছেন। তার লেখা ও সুর করা গানের সংখ্যা প্রায় দুই হাজার।
‘তুমি যে আমার, জীবনের উপহার...’- এর মতো বহু কণ্ঠে ঘুরেফেরা আধুনিক গানের পাশাপাশি ‘কইলজ্জার ভিতর গাঁথি রাইখ্যুম তোঁয়ারে..’-এর মতো গানও ব্যাপক সাড়া ফেলেছে। সাবিনা ইয়াসমীনের সঙ্গে দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছিলেন তিনি।
এ ছাড়া চট্টগ্রামের আঞ্চলিক গানের শ্রেষ্ঠ জুটি শেফালী ঘোষ ও শ্যাম সুন্দর বৈঞ্চবের অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার এম এন আখতার।
এম এন আখতারের লাশ তার গ্রামের বাড়ি রাউজানের মোহাম্মদপুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৫০ ঘ.
bdnews24