প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাচারের উদ্দেশ্যে সাত যমজ শিশু হেফাজতে রাখার অভিযোগে সাবেক ডিআইজি আনিসুর রহমান ও তার স্ত্রী আনোয়ারার বিরুদ্ধে দায়ের মামলার রায় ঘোষণা হবে বুধবার।
ঘটনার প্রায় ৬ বছর পর গত ৪ এপ্রিল আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য এই দিন রাখেন ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আরিফুর রহমান।
এ মামলার আসামি আনিসুর পলাতক এবং তার স্ত্রী আনোয়ারা জামিনে রয়েছেন। আনিসুর এ আদালত থেকেই জামিন নিয়ে পালিয়ে যান।
আসামিপক্ষ বিচার ফাঁকি দেয়ার জন্য আদালতে হাজির না হয়ে বার বার সময় চাওয়ায় এর আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং মামলাটির বাদী অ্যাডভোকেট এলিনা খান।
গত বছরের সেপ্টেম্বরে তিনি অভিযোগ করেন, এ আদালতের আগের বিচারক একেএম শামসুল ইসলাম আসামিদের পক্ষ নিয়ে বিচার বিলম্বের নানা রকম অজুহাত মেনে নিয়েছেন, বার বার আসামিদের সময় দিয়েছেন।
২০০৬ সালে আনিসুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাড়িতে সাত জোড়া যমজ শিশু থাকার খবর প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, ওই দম্পতি পাচারের জন্য ওই শিশুদের নিজেদের বাড়িতে রেখেছেন।
অনিসুর দম্পতি সে সময় নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ওই ১৪ জনই তাদের সন্তান। যদিও সে সময় সংবাদপত্রে খবর প্রকাশিত হয়, এই শিশুদের সাত জনের জন্মের পাঁচ বছর আগেই আনিসুরের স্ত্রী আনোয়ারা রহমান স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছিলেন। জন্মনিবন্ধন সনদের তথ্য সঠিক হয়ে থাকলে আনোয়ারা ওই শিশুদের মধ্যে ৩ জনকে জন্ম দেন আট মাস সময়ের মধ্যে।
এলিনা খান ২০০৬ সালের ২ জুন রাজধানীর বাড্ডা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি একটি এজাহার দায়ের করেন। ২০০৭ সালের ৬ ফেব্রুয়ারি আদালত মামলাটি আমলে নেয়।
এজাহারে বলা হয়, “ওই দম্পতির ১৪ সন্তানের মধ্যে ৭ জন একেবারেই অল্প বয়সী। আসামিরা শিশু রহস্যের ঘটনায় সঠিক তথ্য সরবরাহ না করে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম তথ্য দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে শিশুরা তাদের নয়। আসামিদের জীবন, কর্ম ও ইতিহাস বলে, তারা ওই শিশুদের বিদেশে পাঠানো বা পাচার বা ক্রয় বিক্রয়ের জন্য বেআইনিভাবে বিভিন্ন শিশু হাসপাতাল, ক্লিনিক বা আসল অভিভাবকদের হেফাজত থেকে নিজেদের জিম্মায় রেখেছেন।”
২০০৬ সালের ১০ নভেম্বর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হুমায়ুন কবীর এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে অভিযুক্তদেরকে অব্যহতি দেওয়ার আবেদন করেন। মামলার ঘটনাটি নিছক ‘তথ্যগত’ ভুল বলে মন্তব্য করা হয় তার প্রতিবেদনে।
তবে মামলার বাদী ওই প্রতিবেদনের ব্যাপারে আপত্তি জানালে আদালত মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, অল্পবয়সী সাত শিশুর মধ্যে জান্নাতুল মারিয়াম নাজিফা মামলা চলাকালীন সময়ে মারা যায়। অপরদিকে জান্নানতুল মারিয়াম নাফিজা, জান্নাতুল তানিসা রহমান এবং চার ছেলে শিশু আইমান রহমান আনিস (উসহাম), নাসেফ আকন আনিস, আনাস অকন আসিন ও দাইয়ান রহমান (ওসাত) জাতীয় মহিলা আইনজীবী সমিতির আগারগাঁওয়ের আশ্রয় কেন্দ্র ‘প্রশান্তিতে’ রয়েছে।
এদিকে শিশু ওসাতের পিতৃত্ব দাবি করে ২০০৮ সালের নভেম্বরে গাজিপুর জেলার কালিয়াকৈর থানার বোয়ালি ইউনিয়নের চাবাগান গ্রামের নসিমন চালক সাহাবুল আলম আদালতে একটি আবেদন করেন। কিন্তু ডিএনএ পরীক্ষায় দেখা যায়, ওই ছেলে তার নয়।
আসামিদের পক্ষে এ মামলার শুনানি করেন অ্যাডভোকেট কাজী মো. সাজাওয়ার হোসাইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/জেকে/১৯৫০ ঘ.
bdnews24