২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে নিজ ফ্ল্যাটে গৃহবধূ খুন

রাজধানীর গুলশানে নিজ ফ্ল্যাটে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই বাসার গৃহকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে নিজ ফ্ল্যাটে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই বাসার গৃহকর্মী। নিহত ফাহিমা সুলতানার (৪০) স্বামী এম এ মবিন খান টুঙ্গির ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, সিলেট ইমপেরিয়াল কলেজ ও কাওরান বাজারের ইথিক্স অ্যাডভান্স টেকনোলজির পরিচালক। পুলিশ বলেছে, মঙ্গলবার সকালে গুলশান ২ নম্বর সেক্টরের ১০১ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলার সি ৫ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফাহিমার গাড়ির চালক মিন্টুকে আসামি করে গুলশান থানায় মঙ্গলবার রাতে মামলা করেন মবিন। মামলায় গাড়িচালকের বিরুদ্ধে দেড়শ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগও আনা হয়। পুলিশও হত্যাকাণ্ডের জন্য প্রাথমিকভাবে গাড়িচালককে দায়ী করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পর গাড়িচালককে পাওয়া যাচ্ছে না। গাড়িটি পাওয়া যায় গুলশানের ১১৬ নম্বর রোডে।“ ওসির ধারণা, চালক বাসায় ঢুকে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যান। ৭ নম্বর বাড়ির নিরপত্তাকর্মী মুক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালক মিন্টুকে সকাল সাড়ে ১০টায় লাল একটি প্রাইভেটকার নিয়ে চলে যেতে দেখেন তিনি। মুক্তার বলেন, “সকালে ফাহিমা দুই মেয়েকে নিয়ে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরলে চালক মিন্টুও তার সঙ্গে ওপরে ফ্ল্যাটে ওঠেন। পরে চালক নিচে নেমে একা একটি লাল রঙের গাড়ি নিয়ে বেড়িয়ে যান।” সাত মাস আগে তারা নিজস্ব ফ্ল্যাটে বসবাস শুরু করেন জানিয়ে ওই নিরাপত্তাকর্মী বলেন, চালক মিন্টুও ওই সময়েই কাজে যোগ দেন। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার লুৎফুল কবির গৃহকর্তা মবিনের বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, “সকালে বাসা থেকে বের হওয়ার পর মবিন তার স্ত্রীর মোবাইলে ফোন করলে কেউ ফোন ধরেননি। কিন্তু দুপুর ১টার দিকে তার তিন বছর বয়সী ছেলে নাফিম তার মার ফোন ধরে বলেন, ‘বাবা, আংকেল মাকে মেরে ফেলেছে’।” ছেলের কাছ থেকে খবর পেয়ে দুপুর দেড়টায় বাসায় এসে তার স্ত্রীকে ফ্ল্যাটের বাথরুমে এবং তার কাছেই গৃহকর্মী বীনাকে (৩০) রক্তাক্ত অবস্থায় দেখতে পান বলে পুলিশকে জানান মবিন। গৃহকর্মী বীনাকে গুরুতর আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় আর ফাহিমা ঘটনাস্থালে মারা যান বলে জানান তার স্বামী মবিন। ওসি রফিকুল জানান, “বিনার গলায়, গালে ও গায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া ফাহিমার পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।” “মৃত্যুর আগে ফাহিমার সঙ্গে মিন্টুর ধস্তাধস্তি হয়েছিলো। পুরো ফ্ল্যাটের মেঝেতে রক্তমাখা।” লুৎফুল কবির বলেন, ছেলের মাধ্যমে ফোন খবর পাওয়ার পর বাসায় ফেরার পথে মবিন পুলিশকে ফোনে ঘটনাটি জানান। ঘটনার সময় বাসায় তিন বছরের শিশু নাফিম ও বীনা ছিলেন। ওই সময় ফাহিমার দুই মেয়ে মাইশা ও নাফিসা স্কলাস্টিকা স্কুলে ছিলেন। তারা ওই স্কুলের নবম ও সপ্তম শ্রেণীতে পড়েন। গুলশান জোনের সহকারী পুলিশ উপকমিশনার (পেট্রোল) নুরুল আলম জানান, যে গাড়িতে করে মিন্টু পালিয়ে যান সেটি বিকাল ৫টার দিকে গুলশান ১১৬ নম্বর সড়কে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। তবে মিন্টুকে পাওয়া যায়নি বলে জানান তিনি। এদিকে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ওই ফ্ল্যাট থেকে পুলিশ রক্তমাখা একটি প্যান্ট ও শার্ট উদ্ধার করেছে।” নিহত ফাহিমার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। দুই ভাই তিন বোনের মধ্যে বড় ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/পিডি/০১০৫ ঘ.