বেনাপোল, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি জানিয়েছে যশোরের বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা।
সোমবারের মধ্যে দাবি মানা না হলে মঙ্গলবার থেকে লাগাতার ধর্মঘটের হুমকি দেয় তারা।
রোববার ও সোমবার বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বন্দর এলাকায় মাইকিং করে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১) সভাপতি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ন্যূনতম মুজুরি নির্ধারণ করে ২০১০ সালের ২ সেপ্টেম্বর সরকার একটি গেজেট প্রকাশ করে।
এতে বলা হয়, স্থলবন্দর ব্যবহারকারীদের কাছ থেকে আদায় করা লেবার হ্যান্ডলিং চার্জ হিসেবে পাওয়া অর্থ শ্রমিক ও সরকারের মধ্যে ৬৫ অনুপাত ৩৫ হারে বণ্টন করা হবে।
কিন্তু তা মানা হচ্ছে না বলে গোলাম মোস্তফা জানান।
তিনি আরো বলেন, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এ ব্যাপারে আশ্বস্ত করলেও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ ব্যাপারে কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বন্দরের অপর একটি হ্যান্ডলিং শ্রমিক সংগঠনের (৯২৫) সাধারণ সম্পাদক রাশেদ আলী বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আমরা এ ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24