ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভার কঠিন বর্জ্য ও আবর্জনা ফেলে কর্ণপাড়া খাল ভরাট এবং দূষণের অপরাধে সাভার পৌরসভা মেয়রকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়র মো. রেফায়েতউল্লাহকে সোমবার পরিবেশ অধিদপ্তরে তলব করে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন।
একইসঙ্গে ১৫ দিনের মধ্যে কর্ণপাড়া খাল থেকে সমস্ত বর্জ্য অপসারণের নির্দেশ দেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র পরিবেশ অধিদপ্তরের শুনানিতে জানিয়েছেন, পৌরসভায় নিজস্ব বর্জ্য ফেলার স্থান না থাকায় পৌরসভার কাউন্সিলররা কর্ণপাড়া খালে বর্জ্য ফেলার সিদ্ধান্ত নেন।
এ ব্যবস্থা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে বর্জ্য ব্যবস্থাপনা ও ধ্বংসকরণে সরকারের কাছে প্রকল্প পেশের পরামর্শ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/আরএ/১৭২০ ঘ.
bdnews24