২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের আদেশে মনোনয়ন বিতরণ স্থগিত

হাইকোর্টের আদেশের পর ঢাকার দুই সিটি কর্পোরেশনের মনোনয়ন ফরম বিতরণ স্থগিত করেছেন দায়িত্বপ্রাপ্ত দুই রিটার্নিং কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 10:44 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের আদেশের পর ঢাকার দুই সিটি কর্পোরেশনের মনোনয়ন ফরম বিতরণ স্থগিত করেছেন দায়িত্বপ্রাপ্ত দুই রিটার্নিং কর্মকর্তা। একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সোমবার এ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত রাখতে বলা পর ডিসিসি দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আদেশের কথা শুনেছি। আদালতের সিদ্ধান্তই মানতে হবে। এখন নির্বাচন কমিশনের নির্দেশনার অপেক্ষায় রয়েছি। আপাতত মনোনয়নপত্র বিতরণসহ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।” উত্তরের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদও জানান, আদালতের আদেশের পর নির্বাচন কমিশনের নির্দেশনার অপেক্ষা করছেন তারা। “গণমাধ্যমে নির্বাচন তিন মাসের স্থগিতের আদেশ জেনেছি। আদালতের রায় অনুসরণ করব আমরা। আপাতত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।” নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ সাদিক সাংবাদিকদের জানান, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না- কমিশন সভায় আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে। ডিসিসি ভেঙে নতুন দুই সিটি কর্পোরেশন করার ক্ষেত্রে ওয়ার্ডের সীমানা নির্ধারণ আইন অনুযায়ী বাস্তবায়ন হয়নি অভিযোগ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নির্বাচনী কাজ আপাতত বন্ধ রাখার জন্য হাই কোর্টে আবেদন করে। ওই আবেদনেই আদালতের স্থগিতাদেশ আসে। ২৪ মে ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণের মধ্যেই আদালতের এই সিদ্ধান্ত এলো। কাজী রকিব উদ্দীন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নিয়োগ পেয়েই ১৮০ দিনের মধ্যে ডিসিসি নির্বাচন করার বাধ্যবাধকতার মধ্যে পড়ে। এ কারণে সময় স্বল্পতায় নতুন করে সীমানা নির্ধারণ না করেই গত ৯ এপ্রিল তফসিল ঘোষণা করে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/জেকে/১৬৩৯ ঘ.