ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ কেলেঙ্কারির ঘটনায় রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদার বাহকের মাধ্যমে তদন্ত কমিটির কাছে লিখিত বক্তব্য পাঠিয়েছেন।
রোববার সকাল ১১টায় রেলভবনে উপস্থিত হয়ে তার লিখিত বক্তব্য দেওয়ার কথা ছিলো।
কমিটির প্রধান রেলমন্ত্রীর একান্ত সচিব আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওমর ফারুক রোববার বেলা ১২টার দিকে বাহক মারফত তিন পৃষ্ঠার লিখিত বক্তব্য পাঠিয়েছেন।”
তবে ফারুক লিখিত বক্তব্য কি বলেছেন তা জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।
গত ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবির ফটকে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। ওই গাড়িতে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক ইউসুফ মৃধাসহ আরেক রেল কর্মকর্তা ছিলেন। এদের মধ্যে ফারুককে চাকরিচ্যুত এবং অপর দুই জনকে বরখাস্ত করা হয়েছে রোববার।
গাড়িতে টাকা পাওয়ার এই ঘটনা নিয়ে সারাদেশে তোলপাড় চলছে। রেলমন্ত্রী সুরঞ্জিতও রয়েছেন চাপে। বিএনপি তার পদত্যাগের দাবি তুললেও মন্ত্রী বলেছেন, বিরোধী দল তাকে মন্ত্রীর পদ দেয়নি, তাই তাদের কথায় তিনি পদত্যাগ করবেন না।
এদিকে রেলপথ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওমর ফারুক ও রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার লিখিত বক্তব্য মন্ত্রীর হাতে আসার পরপরই তিনি আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেন।”
রেলের মহাপরিচালক আবু তাহেরসহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে ওই বৈঠকের পরই ওমর ফারুককে চাকরিচুত্য এবং ইউসুফ আলী মৃধা ও রেলের নিরাপত্তা কর্মকর্তা ঢাকার কমান্ডেন্ট এনামুল হককে সাময়িক বরখাস্তের ঘোষণা আসে বলেও জানান ওই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/২০৩২ ঘ.
bdnews24