কক্সবাজার, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে যুবদলকর্মীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে উখিয়া থানার ওসি, উপ-পরিদর্শকসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার উখিয়ার যুবদল নেতা ও স্থানীয় পাহাড়িকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ হামজাকে অপহরণ করে হত্যার চেষ্টার অভিযোগে তার স্ত্রী স্কুল শিক্ষিকা লায়লা বেগম মামলাটি দায়ের করেন।
শুক্রবার তাকে অপহরণ করে মারধর করা হয়েছিলো বলে দাবি করেছেন লায়লা।
যুবদলকর্মী হামজা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন- কক্সবাজারের উখিয়া থানার (ওসি) অপ্পেলা রাজু নাহা, একই থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল আহমদ এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সাংসদ আবদুর রহমান বদির শ্যালক ও উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ওবায়দা মামলাটি আমলে নিয়ে একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার গোয়েন্দা কর্মকর্তা দিয়ে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত ওসি অপ্পেলা রাজু জানান, কেউ মামলা করতে চাইলে মামলা করতে পারেন। তবে তিনি মামলাটির সত্য-মিথ্যা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “কুতুপালং বাজারে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে জনতা ধরে মারধর করে অস্ত্রসহ পুলিশের কাছে সোপর্দ করেছে বলে শুনেছি।”
তিনি দাবি করেন, ইউপি নির্বাচনে সাবেক চেয়ারম্যান শাহকামাল চৌধুরী হেরে গিয়েছিলেন। এর অংশ হিসেবে এই ঘটনার সঙ্গে তাকে জড়ানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/২০০১ ঘ.
bdnews24