চট্টগ্রাম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতি করতে গিয়ে গৃহকর্তাকে হত্যার অপরাধে নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
রোববার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন।
কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরো এক মাস কারাভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আবু তাহের, সরওয়ার উদ্দীন, আলী হোসেন, আবুল কাশেম, আব্বাস হায়দার, মো. জহির, ওমর আলী, আবদুল হাকিম, জসিম উদ্দিন রুমন।
এদের মধ্যে প্রথম দুজন ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। বাকি সাত জন বিভিন্ন সময়ে জামিনে বের হয়ে পালিয়ে গেছেন বলে জানান চট্টগ্রাম জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) লোকমান হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের বিরুদ্ধে ডাকাতি করতে এসে গৃহকর্তাকে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের এই সাজা দেওয়া হয়েছে।
২০০৭ সালের ১৯ মে রাতে একদল ডাকাত রাউজানের ডোমখালী আলী মুন্সী বাড়িতে হানা দিয়ে আবদুর রহিমের বাবা সৈয়দুল হককে কুপিয়ে হত্যা করে।
পরদিন আবদুর রহিম বাদি হয়ে রাউজান ওই ঘটনায় থানায় মামলা দায়ের করেন।
একই বছরের ১৪ সেপ্টেম্বর ওই নয় জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ২০০৮ সালের ৯ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৯০৭ ঘ.
bdnews24