বরগুনা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগাম ঘোষণা ছাড়াই ধর্মঘট পালন করেছে বরগুনার আমতলীর ওষুধ ব্যবসায়ীরা।
রোববার সকাল থেকে দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন তারা।
আমতলী ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমিতির সিদ্ধান্তে ধর্মঘট চলছে। তবে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়ার সভায় আমি উপস্থিত ছিলাম না।”
স্থানীয় ওষুধ ব্যবসায়ী ও ওষুধ বিক্রয় প্রতিনিধিরা জানান, গত ১১ এপ্রিল আমতলীর মেসার্স আল-আমিন মেডিকেল হলের মালিক জাকির বিশ্বাস ও তার ছোট ভাই মামুন বিশ্বাসের সঙ্গে ওষুধ কোম্পানি রেনাটা’র বিক্রয় প্রতিনিধি মাহাবুবুর রহমানের ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি হয়।
এ নিয়ে মাহাবুবুর আমতলী থানায় মামলা করলে গত শনিবার পুলিশ মামুন বিশ্বাসকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে আমতলীর ওষুধ ব্যবসায়ীরা রোববার সকাল থেকে দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন শুরু করে।
এদিকে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই এ ধর্মঘটের কারণে রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মদন জি পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওষুধ ব্যবসায়ীরা জরুরী সেবার বিষয়টি ভুলে গিয়ে শুধু লাভ আর ব্যবসার কথা ভাবেন, যা খুবই দুঃখজনক।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৯৪৮ ঘ.
bdnews24