২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ছাত্রদলের ধর্মঘট

বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ থাকায় সাধারণ যানবাহনে ক্যাম্পাসে যেতেও ছাত্রদলকর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 07:04 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের হামলায় দুই নেতা আহত হওয়ার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের প্রথম দিন রোববার সকালে বিশ্ববিদ্যালয় থেকে কোনো বাস ছেড়ে যায়নি। শনিবার রাতে বিশ্ববিদ্যালয় গ্যারেজে বাসের চাকা পাংচার করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সবার সঙ্গে কথা বলে দেখছি কারা এই ঘটনা ঘটিয়েছে। দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয প্রশাসন ব্যবস্থা নেবে।” বাস চলাচল না করায় সাধারণ যানবাহনে ক্যাম্পাসে আসতে চাইলে মদিনা মার্কেট এলাকায় ছাত্রদলকর্মীরা বাধা দেয় বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক পদার্থবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে রিকশা করে ক্যাম্পাসে আসার পথে মদিনা মাকের্টের নবাবী মসজিদ এলাকায় ছাত্রদলকর্মীরা আমাদের রিকশা থেকে নামিয়ে দেয়।” এই অভিযোগ যাচাইয়ে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম জাহাঙ্গীরের মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় প্রক্টর হিমাদ্রি শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসতে বাধা দেওয়ার ঘটনার বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এদিকে ধর্মঘটের কারণে সকালে কয়েকটি বিভাগে ক্লাস হলেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম। গত বুধবার রাতে নগরীর নেহারী পাড়াস্থ ছাত্রদল নিয়ন্ত্রিত একটি মেসে ছাত্রলীগকর্মীদের হামলায় দুই ছাত্রদল নেতাসহ তিন শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টালের ধর্মঘটের ডাক দেয় ছাত্রদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০০ ঘ.