ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শিল্পী মুস্তাফা মনোয়ার, মানবাধিকার সংগঠক সুলতানা কামাল, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ ১১ ব্যক্তিকে ফেলোশিপ দিয়েছে বাংলা একাডেমী।
শনিবার একাডেমীর নজরুল মঞ্চে নববর্ষ বরণ অনুষ্ঠানে বাংলা একাডেমী ফেলোশিপ-২০১২ দেওয়া হয়।
ফেলোশিপ পাওয়া অন্যরা হলেন- কবি শেখ হাফিজুর রহমান, ভাষা-সংগ্রামী তোফাজ্জল হোসেন, অবসরপ্রাপ্ত কমান্ডার আবদুর রউফ ও নূরুল ইসলাম, অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি, ড. মীজানূর রহমান শেলী এবং কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ।
তাদের হাতে ফুল, ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক শামসুজ্জামান খান।
সকাল ৮টায় একাডেমীর নজরুল মঞ্চে উদীচী শিল্পী গোষ্ঠীর সমবেত সংগীতের মধ্য দিয়ে বাংলা নতুন বছর বরণের অনুষ্ঠান শুরু হয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, নববর্ষের প্রারম্ভে গুণীজনদের সম্মাননা জানিয়ে বাংলা একাডেমী এক গুরুদায়িত্ব পালন করেছে। আগামী বছরেও এমন শুভধারা অব্যাহত রাখতে হবে।
এর আগে স্বাগত ভাষণে শামসুজ্জামান খান বলেন, আগামী নববর্ষের আগেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে দেশে সার্বিক অর্থে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে।
স্মারক বক্তা নিসর্গবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা বলেন, নববর্ষকে ঘিরে উৎসবের প্রচলন আমাদের সংস্কৃতিকে ঋদ্ধ করেছে। যুগের বদলের সঙ্গে এই উৎসবের রূপ ও প্রকরণ পরিবর্তিত হলেও মৌল চেতনা এখনো বহমান।
তিনি বলেন, “নববর্ষে আমাদের সংকল্প নিতে হবে শিক্ষা ও উন্নয়নের সার্বিক কাঠামোয় মানবিকীকরণ এবং প্রকৃতি সংবেদনশীলতা।”
সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন আবু জাফর সিদ্দিকী। সংগীত পরিবেশন করেন ইয়াকুব আলী খান, ফাহিম হোসেন চৌধুরী, মকবুল হোসেন, শারমিন সাথী ইসলাম, স্বর্ণময়ী মণ্ডল, মাহবুব আরা বিপাশা, বেণু চক্রবর্তী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/২১০৭ ঘ.
bdnews24