২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়েই বর্ষবরণের উৎসব

নতুন বছরে সমৃদ্ধ জীবনের প্রত্যাশায় দেশজুড়ে নানা আয়োজনে চলছে পহেলা বৈশাখ উদ্যাপন। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 09:04 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন বছরে সমৃদ্ধ জীবনের প্রত্যাশায় দেশজুড়ে নানা আয়োজনে চলছে পহেলা বৈশাখ উদ্যাপন। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। নতুন বছরের প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা ও নানা ঐতিহ্যবাহী দেশজ ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী উদ্যাপিত হচ্ছে বাংলা পহেলা বৈশাখ। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, মুন্সীগঞ্জ, শেরপুর, জামালপুর, ভোলা, নোয়াখালী ও বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রার আযোজন করা হয়। এছাড়া মুন্সীগঞ্জে ঘুড়ি উড়ানো, কাবাডি ও দাড়িয়াবান্দা খেলা অনুষ্ঠিত হয়। বান্দরবানে আদিবাসীদের সাংগ্রাই উৎসবে চরছে মৈত্রী পানি খেলা, চোখ বেঁধে হাড়ি ভাঙ্গা ও তৈলাক্ত বাঁশ আরোহণসহ বিভিন্ন প্রতিযোগিতা। ঢাকার বাইরে বর্ষবরণের নানা আয়োজন নিয়ে বিডিনিউজের প্রতিনিধিদের পাঠানো খবর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকাল দশটায় ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে এক বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন বিভাগ, অফিস, বিভিন্ন সংগঠন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী বর্ণিল ব্যানার, ফেস্টুনসহ যোগ দেয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা পুরানো কলা ভবনের জামতলায় গিয়ে শেষ হয়। এতে উপ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিনসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যরা অংশ নেন। বিভিন্ন বিভাগ ও আবাসিক হলগুলোর পক্ষ থেকেও আলাদাভাবে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে টিএসসি প্রাঙ্গনে বৈশাখী মেলা চলছে। মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানমালার। জেলা প্রশাসক মো. আজিজুল আলমের নেতৃত্বে এ শোভাযাত্রা শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে আবার সেখানে গিয়েই শেষ হয়। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিকেলে ঘুড়ি উড়ানো, কাবাডি ও দাড়িয়াবান্দা খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা শিল্পকলা প্রাঙ্গনে বসেছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। এখানে সন্ধ্যায় আয়োজন করা হয়েছে লোকজ নৃত্য, যাদু প্রদর্শন ও সঙ্গীতানুষ্ঠানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। শেরপুর : ভোরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ দারোগা আলী পৌর পার্কে শিল্পকলা একাডেমীর শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে শহরের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। জামালপুর: জামালপুরের জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বৈশাখী মেলার মাঠে সকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জামালপুর জেলা পরিষদে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশ ভোজের। নোয়াখালী : নোয়াখালী শহরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক সিরাজুল ইসলামসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ৯ দিনব্যাপী বৈশাখী মেলা। ভোলা: সকালে জেলা প্রশাসনের আয়োজনে ভোলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণের পান্তা-ইলিশ খাওয়ার আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। পরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বান্দরবান: বান্দরবানে একই সঙ্গে চলছে বাংলা নববর্ষ বরণ ও স্থানীয় ঐতিহ্য সাংগ্রাই উৎসব। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা বর্ষবরণে অনুষ্ঠান শুরু হয়। পরে রাজার মাঠসংলগ্ন প্রাথমিক বিদ্যলয়ে সরকারি ব্যবস্থাপনায় পান্তা ভাত খাওয়ানো হয় অতিথিদের। সকাল ১০টায় রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা। বিকেলে রাজার মাঠে ঘুড়ি উড়ানো উৎসব এবং বলি খেলা আয়োজন করা হয়েছে। এদিকে শুক্রবার বিকেলে বুদ্ধমূর্তি নদীর জলে চন্দন দিয়ে স্নানের মাধ্যমে শুরু হয়েছে আদিবাসীদের অনুষ্ঠানমালা। ৫ দিনব্যাপী সাংগ্রাই উৎসবে শনিবার থেকে সোমবার তিন দিন ধরে পুরানো রাজবাড়ি মাঠে মৈত্রী পানি খেলা, চোখ বেঁধে হাড়ি ভাঙ্গা, তৈলাক্ত বাঁশে আরোহণসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে সাংগ্রাই উৎসব উদযাপন কমিটি। ময়মনসিংহ: ময়মনসিংহ শহরে স্টেশন রোড মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সাহেব কোয়ার্টার বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বের করা শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। জেলা প্রশাসক ড. শাহ আলম শোভাযাত্রার উদ্বোধন করেন। এছাড়া ওই বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। নীলফামারী: জেলা প্রশাসক আব্দুল মজিদ ও পুলিশ সুপার আলমগীর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গরুর গাড়ি, মোরগ, কৃষক ও পাল্কির প্রতিকৃতি প্রদর্শন করা হয়। পরে সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা ও শিশু একাডেমীর শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। . যশোর: যশোরে মেয়েদের একটি মঙ্গল শোভাযাত্রা বুরুজবাগান হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে নাভারন ফজিলাতুননেছা মহিলা কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। শার্শা উপজেলার ৭টি বালিকা বিদ্যালয়ের তিন হাজার ছাত্রী এই কর্মসূচিতে অংশ নেয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। কলেজের উপাধ্যক্ষ লায়লা আফরোজা বানু মলি বলেন, নববর্ষের এ অনুষ্ঠানে বেনাপোল, নাভারন, বুরুজবাগান, শার্শা, বাগআচড়া, গোগা, বামুনিয়া-সোনাতনকাটি, পাকশিয়া ও শাড়াতলা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেছে। দিনভর কবিতা আবৃতি, সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়েছে। ফেনী: জেলা প্রশাসক মো. আব্দুল কুদ্দুস খানের নেতৃত্বে এক শোভাযাত্রা পাইলট হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে পিটিআই মাঠে গিয়ে শেষ হয়। পরে পিটিআই মাঠে তিন দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। গাইবান্ধা: জেলা প্রশাসন, উদীচী ও পদক্ষেপ নাট্য পৃথকভাবে মঙ্গল শোভাযাত্রা বের করে। এরপর জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। উদীচী কার্যালয়ের সামনে সবুজ চত্বরে দিনব্যাপী সাস্কৃতিক অনুষ্ঠান ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়। পৌর পার্কের কড়ই তলায় কবিতা পরিষদের আয়োজনে দিনব্যাপী কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের প্রায় দু’শ বছরের পুরাতন ঐতিহাসিক কাষ্ঠকালী মন্দির চত্বরে বসছে মাসব্যাপী বৈশাখী মেলা। নরসিংদী: জেলা প্রশাসক ওবায়দুল আজমের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষা চত্বরে এসে শেষ হয়। এছাড়াও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, নাচ, গান, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, নাটক, পাপেট শো, ফ্যাশন শো ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। নরসিংদীর চৈতাব ‘ড্রিম হলিডে’ পার্কে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের এক মিলন মেলায় পরিণত হয়। সকাল থেকেই বিনোদনপ্রেমীরা পার্কে আসতে শুরু করে। সুবিশাল এই পার্কে হাজারো মানুষের সমাগম হয়। আনন্দে মেতে ওঠে শিশু-কিশোররা। এখানে সঙ্গীতেরও আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/১৯১৬ ঘ.