ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা করে বাংলা নতুন বছর ১৪১৯ সালকে বরণ করবে আওয়ামী লীগ।
শুক্রবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
শনিবার পহেলা বৈশাখ সকাল ৭টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা হবে।
এছাড়াও নববর্ষ বরণে দেশব্যাপী আওয়ামী লীগের সব শাখা এবং সহযোগী সংগঠনগুলো শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য, সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিকাল ৫টায় গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বার্তায় বাংলা শুভ নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/০০৫০ ঘ.
bdnews24