২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মানুষের কঙ্কাল, আটক ২

দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি ইটরভাটার পাশে মানুষের কঙ্কালের সন্ধান পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

দিনাজপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি ইটরভাটার পাশে মানুষের কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে পুলিশ রাখা স্থানটি পাহারা দিচ্ছে। শনিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কঙ্কাল উদ্ধার করা হবে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ ওই ইটের ভাটার ব্যবস্থাপক ও এক শ্রমিককে গ্রেপ্তার করেছে। বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বলেন, দু’মাস আগে বিরামপুরের টাটকপুরে এসএ ব্রিকস নামের ওই ইটের ভাটায় মাটি খোঁড়ার সময় শ্রমিকরা একটি কঙ্কাল দেখতে পায়। ভাটার ব্যবস্থাপক শীতল চন্দ্র বর্মনের নির্দেশে শ্রমিক আলাউদ্দিনসহ আরো কয়েকজন কঙ্কালটি ভাটার পাশে মাটির স্তূপে পুঁতে রাখে। পরে ভাটার জ্বালানিকারী আব্দুর রশিদ শ্রমিক আলাউদ্দিনের কাছে বিষয়টি জানলে তাকে কাজ থেকে ছাঁটাই করা হয়। কঙ্কালটি ২০১০ সালে ওই এলাকায় নিখোঁজ হামিদুলের হতে পারে বলে তার পরিবারকে জানান রশিদ। শুক্রবার নিখোঁজের ভাই রফিকুল ইসলাম বিষয়টি পুলিশকে জানান। এ ঘটনায় শ্রমিক আলাউদ্দিন ও ভাটার ব্যবস্থাপক শীতল চন্দ্র বর্মনকে আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, কঙ্কালটি নিখোঁজ হামিদুলের নাকি অন্য কারো তা তদন্তের মাধ্যমে উদঘাটন করা হবে। ২০১০ সালের রমজান মাসে টাটকপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে হামিদুল (৪০) ভাটাসংলগ্ন পুকুরে মাছ পাহারা দেওয়ার সময় নিখোঁজ হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২৩৩৮ ঘ.