২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মীকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা

চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে নির্যাতিত এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে নির্যাতিত এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। মরিয়ম বেগম (২৬) নামে ওই গৃহ-পরিচারিকার ডান হাতে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকার দাগ দেখা গেছে। তার হাতের কব্জিও ভাঙা। তার সারা গায়ে আাঁচড় ও কাটা দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর নাসিরাবাদ হাউজিং কলোনির দুই নম্বর গলির ২৭ নম্বর বাসা থেকে মরিয়মকে উদ্ধার করা হয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরিয়মের বাড়ি লক্ষ্মীপুরে। তিনি হাউজিং সোসাইটিতে খালেদা আক্তারের বাসায় গত ছয় বছর ধরে কাজ করতেন বলে পুলিশ জানায়। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিবেশীদের দেওয়া খবরে অভিযান চালিয়ে মরিয়মকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে গৃহকর্ত্রী খালেদা আক্তার পলাতক। খালেদা আক্তার দীর্ঘদিন ধরে মরিয়মকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল বলে প্রতিবেশী পুলিশকে জানায়। এসআই শাহ আলম বলেন, “মরিয়মের ডান হাতে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকার দাগ রয়েছে। তার হাতের একটি কব্জি ভাঙা পাওয়া গেছে। তার সারা গায়ে নখের আাঁচড় ও কাটা দাগ রয়েছে।” মরিয়মের বরাত দিয়ে তিনি বলেন, গত বুধবারও তাকে গরম খুন্তির ছ্যাঁকা দেন গৃহকর্ত্রী খালেদা। এসআই শাহ আলম জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরিয়মের আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২১২০ ঘ.