ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ষবরণের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে রমনা বটমূলে কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি প্রথমবারের দূর নিয়ন্ত্রিত সর্বাধুনিক বোমা সনাক্ত ও নিষ্ক্রিয়করণ রোবট রাখছে পুলিশ।
শুক্রবার সকালে এক প্রদর্শনীর মাধ্যমে রোবটের বোমা সনাক্ত ও নিষ্ক্রিয়করণের পদ্ধতি পরীক্ষা করা হয় রমনায়, যেখানে শনিবার বর্ষবরণের মূল অনুষ্ঠানটি হয়ে আসছে কয়েক যুগ ধরে।
রোবটের কার্যক্রম পরীক্ষার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পুলিশের মহপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যেহেতু মানুষের জন্য এই নিরাপত্তা ব্যবস্থা, তাই উৎসবে কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে মানুষ সাদরে গ্রহণ করেছে।”
র্যাব-৩ এর অধিনায়ক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রমনা বটমূলে র্যাবের ৪০টি ও পুলিশের ৭৬টি ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে।
তিনি জানান, লেকের পানির উপরিভাগে ও তলদেশে নৌবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়েছে। এই বাহিনীর সদস্যরা লেকের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, সারা দেশে সাড়ে ৪ হাজার র্যাব সদস্য পহেলা বৈশাখে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এর মধ্যে ঢাকা মহানগরে থাকবে দুই হাজার।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে নববর্ষের অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হওয়ার পর থেকে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
র্যাব অধিনায়ক রফিকুল বলেন, র্যাব, পুলিশ, গোয়েন্দা ও সোয়াট দলের সঙ্গে সমন্বয় রেখে রমনা বটমূলে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এমআই/২২৫০ ঘ.
bdnews24