শরীয়তপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে পুলিশের সহায়তায় একটি পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে।
গোসাইরহাট উপজেলার ধিপুর গ্রামে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
একটি বাড়ির মালিকানা নিয়ে গ্রামের আবুল হোসেন খান ও দেলোয়ার হোসেন ওরফে দিলা মাঝির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
উচ্ছেদ হওয়া আবুল হোসেন খান অভিযোগ করেন, শতাধিক লোকজন ও গোসাইরহাট থানা পুলিশের সহায়তায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দেলোয়ার তার বসত বাড়ি ভাংচুর করে ও গাছপালা কেটে নিয়ে যান। এ সময় তার মা ইয়ারন নেছা ও বোন ফজিলাতুন নেছাকে তারা মারধর ও লাঞ্ছিত করে বলে তিনি অভিযোগ করেন।
উচ্ছেদের পর বাড়ির ভিটে মাটি কেটে ফসলি জমি বানিয়ে ফেলেছে বলেও অভিযোগ করেন।
আবুল হোসেন খান বলেন, “আমার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে আমি বসবাস করে আসছি। এ সংক্রান্ত দলিলও রয়েছে আমার কাছে।”
এদিকে দেলোয়ার হোসেন বলেন, “আবুল হোসেন খানের দাদা উলফত খানের কাছ থেকে আমার বাবা এ সম্পত্তি ক্রয় করেন। রেকর্ডে আমার বাবার নাম আছে। দীর্ঘদিন ধরে তিনি জোরপূর্বক আমাদের বাড়িতে বসবাস করছেন। আমি পুলিশের সহায়তায় তাদের উচ্ছেদ করেছি।”
ঘটনাস্থলে উপস্থিত গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ আবুল হোসেন খানের ছোট ভাই হারুন খানকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়েছে।
এ ব্যাপারে এসআই নাসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে উচ্ছেদ করা হয়েছে সত্য, তবে আমার উপস্থিতিতে না। দিলা মাঝির অভিযোগের প্রেক্ষিতে ওসির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে মুখোমুখি দেখে বাড়িতে বসবাসকারী হারুন খানকে গ্রেপ্তার করি।”
গোসাইরহাট থানার ওসি মো. মজিবুর রহমান সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া কাউকে উচ্ছেদ করা যায় না। আবুল হোসেনের ক্ষেত্রে যা করা হয়েছে তা অন্যায়। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলে মামলা নেওয়া হবে।
গোসাইরহাট সার্কেলের এএসপি মো. আবুল হাসনাত খান বলেন, পুলিশের উপস্থিতিতে দখলের কথা আমি জানি না। বিষয়টি তদন্ত করে দেখব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০৫৪ ঘ.
bdnews24