২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় যুবক নিহত: শিবিরের হরতাল আহ্বান

কুষ্টিয়ার কুমারখালীতে যুবক নিহতের ঘটনায় শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

কুষ্টিয়া, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালীতে যুবক নিহতের ঘটনায় শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার সন্ধ্যায় ডাকা এক সংবাদ সম্মেলন পুলিশ ভণ্ডুল করলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ কথা জানায়। সকালে উপজেলার আনমুল দাখিল মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতা নিয়ে সংঘর্ষে মঞ্জুরুল হক (২৬) নামের এক যুবক নিহত হন। আহত হন পাঁচজন। সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া সদরের মোল্লাতেঘড়িয়া হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে শিবির সংবাদ সম্মেলন ডাকে। যথাসময়ে কুষ্টিয়ায় দায়িত্বরত সব গণমাধ্যমের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুরু হওয়ার আগে ঘটনাস্থলে পুলিশ এসে সংবাদ সম্মেলন বন্ধ করে দেয়। পরে শিবিরের নেতারা একটি লিখিত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সাংবাদিকদের জানান, নিহত মঞ্জুু তাদের সংগঠনের কর্মী। বিজ্ঞপ্তিতে শনিবার কুমারখালী উপজেলায় অর্ধদিবস হরতাল আহ্বানের কথাও বলা হয়। এ ব্যাপারে কুমারখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক জাহিদ হোসেন জাফর বলেন, নিহত মঞ্জু ছাত্র শিবির কর্মী কিনা এমন কোনো তথ্য তাদের জানা নেই। নিহত মঞ্জুকে নিয়ে জামায়াত-শিবির ঘোলা পানিতে মাছ শিকার করছে বলে দাবি করেন। এদিকে কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক হাফিজুর বহমান হাফিজ নিহত মঞ্জুরুল হক মঞ্জু বিএনপি কর্মী বলে দাবি করেছেন। কুমারখালী থানার ওসি ফেরদৌস আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল পরিদর্শনকালে জানতে পারি মঞ্জু ওই গ্রামের সাইকেল মেকানিক আব্দুর রশিদের কলেজ পড়–য়া ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। পান্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজও বলেন, মঞ্জু শিবির কর্মী এমন কোনো তথ্য তাদের জানা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/ডিডি/২৩০৩ ঘ.