২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আজমের খবর জানেন রেলমন্ত্রী, পুলিশ নয়’

রেলমন্ত্রীর সহকারীর গাড়িচালক ‘নিখোঁজ’ আলী আজমের বিষয়ে কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রীর সহকারীর গাড়িচালক ‘নিখোঁজ’ আলী আজমের বিষয়ে কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। সংবাদপত্রে প্রকাশিত সংবাদ অনুযায়ী সোমবার গাড়িতে টাকা পাওয়ার খবর প্রকাশ হওয়ার পর বুধবার থেকে নিখোঁজ আজম। তার বিষয়ে কোনো তথ্য পুলিশের কাছে রয়েছে কি না- জানতে চাইলে বেনজীর আহমেদ শুক্রবার সাংবাদিকদের বলেন, “রেলমন্ত্রীই বলতে পারবেন, তিনি কোথায় আছেন। ড্রাইভার আজম কোথায় রয়েছে, এটা আমি জানি না।” সোমবার রাতে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদারকে বহনকারী একটি গাড়ি থেকে ৭০ লাখ টাকা পাওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে ব্যাপক শোরগোল চলছে। ফারুকের সঙ্গে ওই গাড়িতে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধাও ছিলেন। সংবাদ মাধ্যমের খবর, রেলওয়ের নিয়োগের জন্য ঘুষ হিসেবে ওই বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছিল। আর চালক আজম গাড়িটি বিজিবি সদর দপ্তরের ফটকে চালিয়ে দিয়ে বিষয়টি প্রকাশ্য করেন। সোমবার রাতে পিলখানার ফটকের ঘটনার পর আজমকে পুলিশের কাছে হস্তান্তরের কোনো ঘটনা ঘটেনি বলে জানান বেনজীর। আজমের পরিবারের কাছ থেকে নিখোঁজ হওয়ার বিষয়েও পুলিশ কোনো অভিযোগ পায়নি বলে জানান তিনি। “পরিবার অভিযোগ করলেই এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে,” বলেন ডিএমপি কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/২০১০ ঘ.