২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আর্ট সামিট উপলক্ষে রাজধানী জুড়ে প্রদর্শনী

দেশ-বিদেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে ঢাকা আর্ট সামিট, যার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গ্যালারিতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ-বিদেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে ঢাকা আর্ট সামিট, যার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গ্যালারিতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চার দিনব্যাপী এই সম্মেলনে ২৪৯ জন নবীন-প্রবীণ শিল্পীর চিত্রকর্ম, ভাস্কর্য ও আলোকচিত্র প্রদর্শন করা হবে। মূল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে শিল্পকলা একাডেমী ও জাতীয় জাদুঘরে। পাশাপাশি থাকছে ১৮টি আর্ট গ্যালারিতে প্রর্দশনী চলবে। বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে এ সম্মেলনের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা আর্ট সামিটের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ফারুক সোবহান, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সামদানী আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা নাদিয়া সামদানী ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার। সামদানী আর্ট ফাউন্ডেশন এবং শিল্পকলা একাডেমী যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। অর্থমন্ত্রী বলেন, “বিস্তৃত পরিসরে এ ধরনের আয়োজন এই প্রথম। এই সম্মেলন আমাদের শিল্প জগৎকে অনেক দূরে নিয়ে যাবে।” এ সম্মেলন উপলক্ষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছে আয়োজক কমিটি। সম্মেলন উপলক্ষে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, “দেশে অনেক শিল্পী রয়েছেন, তাদের মধ্যে মেধাও আছে। সুযোগের অভাবে এদের অনেকেই বিশ্বের শিল্প অঙ্গনে নিজেদের মেলে ধরতে পারছে না। এই সম্মেলন সে সুযোগ তৈরি করে দিতে পারে।” এই সম্মেলন শিল্পচর্চায় বাংলাদেশের জন্য ইতিহাস সৃষ্টি করবে এ আশা করে প্রবীণ এই শিল্পী বলেন, “চিত্রকলার মাধ্যমেই বিশ্বে দেশের সম্মান তুলে ধরা সম্ভব। তাই এই সম্মেলন চিত্রশিল্পের স¤প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এই সম্মেলন উপলক্ষে দুটি বিশেষ পুরস্কার দেবে সামদানী ফাউন্ডেশন। এর একটি ১০ লাখ টাকা মূল্যমানের আর্টিস্ট ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড এবং অপরটি হলো ৫ লাখ টাকা মূল্যমানের সামদানী ইয়ং ট্যালেন্ট এ্যাওয়ার্ড। ঢাকা আর্ট সামিট উপলক্ষে ১৮টি গ্যালরি বৃত্ত আর্ট ট্রাস্ট, ঢাকা আর্ট সেন্টার, বেঙ্গল গ্যালারি, গ্যালারি চিত্রক, গ্যালারি কসমস, দৃক, গ্যালারি কায়া, এথেনা, হক আর্ট গ্যালারি, পরাপারা, ইন্টরিয়র ডিপো, গ্যালারি জল রং, সাজু আর্ট গ্যালারি, রেডিয়াস আর্ট গ্যালারি, সন্তরণ আর্ট অর্গানাইজেশন, শিল্পাঙ্গন, টিভলি এবং বাসিলিওতে প্রদর্শনী চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৯৩৮ ঘ.