২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিতের এপিএসের অর্থ কেলেঙ্কারি তদন্ত করবে দুদক

রেলের নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম অসঙ্গতি রয়েছে কি না বা সেখানে কোনো ধরনের লেনদেনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখবে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব ওমর ফারুক তালুকদারের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। বিষয়টি অনুসন্ধানে উপ-পরিচালক মো. আবু সাঈদ ও সহকারী পরিচালক রাশেদুর রেজাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার কমিশন চেয়ারম্যান গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, “বিপুল অর্থ উদ্ধারের যে অভিযোগটি এসেছে, তা অনুসন্ধান করবে দুদক। পাশাপাশি ওই অর্থের বৈধ উৎস, এর মালিকানা, যাদের নাম এসেছে তাদের সম্পত্তির হিসাবসহ আনুষঙ্গিক বিষয়গুলো খতিয়ে দেখবে কমিশন।” গত সোমবার রাতে ফারুককে বহনকারী একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর তা নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়। ব্যাপক সমালোচনার মুখে নিজের সহকারী ওমর ফারুককে পরদিন বরখাস্ত করেন সুরঞ্জিত। ফারুকের সঙ্গে ওই গাড়িতে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধাও ছিলেন। সংবাদ মাধ্যমের খবর, রেলওয়ের নিয়োগের জন্য ঘুষ হিসেবে ওই ৭০ লাখ টাকা নেওয়া হয়েছিল। দুদক চেয়ারম্যান বলেন, “নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে যতদ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।” তিনি জানান, এই ঘটনার বাইরে বিগত দিনে রেলের নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম অসঙ্গতি রয়েছে কি না, বা সেখানে কোনো ধরনের লেন-দেনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করবে দুদক। ওই ঘটনার তদন্তে রেলপথ মন্ত্রণালয় দুটি কমিটি গঠন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮৩৩ ঘ.