২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলভবন যেন হাওয়া ভবন না হয়: নাসিম

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর নিজের রাজনৈতিক জীবন ‘কলঙ্কমুক্ত’ রাখতেই তার সাবেক এপিএসকে পুলিশে দেওয়া উচিৎ বলে মনে করেন আওয়ামী লীগ নেতা মোহম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 09:09 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এপিএসের অর্থ কেলেঙ্কারির ঘটনায় রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে সতর্ক করেছেন আওয়ামী লীগ নেতা মোহম্মদ নাসিম। বৃহস্পতিবার এক স্মরণসভায় তিনি বলেন, “দুই এক জনের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণœ হতে পারে না। রেল ভবন হাওয়া ভবন হবে তা হতে পারে না।” বিগত চার দলীয় জোট সরকারের আমলে বিএনপি চেয়াপার্সনের রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবন অভিযুক্ত হয় ‘দুর্নীতির আখড়া’ হিসাবে। সেই প্রসঙ্গ টেনে বর্তমান ক্ষমতাসীন দলের নেতা নাসিম বলেন, “আমরা বিরোধীদলের হাতে অস্ত্র তুলে দিতে পারি না।” সোমবার রাতে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদারকে বহনকারী একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়ার পর তা নিয়ে সমালোচনার মধ্যেই বুধবার তাকে সাময়িক বরখাস্ত করেন সুরঞ্জিত সেনগুপ্ত। ফারুকের সঙ্গে ওই গাড়িতে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধাও ছিলেন। সংবাদ মাধ্যমের খবর, রেলওয়ের নিয়োগের জন্য ঘুষ হিসেবে ওই ৭০ লাখ টাকা নেওয়া হয়েছিল। গভীর রাতে রাজধানীর জিগাতলা মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের মূল ফটকের কাছে ফারুককে আটক করে বিজিবি সদস্যরা। পরে তাকে ছেড়েও দেওয়া হয় এবং এই বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেউই মুখ খুলছে না। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হলে পাঁচ মাস আগে প্রথমবারের মতো মন্ত্রীত্ব পাওয়া সুরঞ্জিত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই ঘটনার তদন্তে রেলপথ মন্ত্রণালয় দুটি কমিটি গঠন করেছে। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে স্মরণসভায় নাসিম বলেন, অবিলম্বে এ দুজনকে চূড়ান্তভাবে বরখাস্ত করে আইনে সোপর্দ করতে হবে। দুর্নীতিবাজ কর্মকর্তারা বহাল থাকতে পারে না। সুরঞ্জিত সেনগুপ্তকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিম বলেন, “আপনার স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিন। আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন যদি ভুলণ্ঠিত ও কলুষিত করতে না চান- তাহলে তাদের আইনের হাতে সোপর্দ করুন।” বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুম স্মরণে এই সভায় প্রধান বিরোধী দল বিএনপিরও সমালোচনা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে মামলায় জয় পাওয়ার পর বিএনপি প্রথমে সরকারকে ধন্যবাদ জানালেও পরে তা ফিরিয়ে নিয়ে নিজেদেরই ‘ছোট’ করেছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এ কাজের জন্য আপনাকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আপনি না বুঝে সংসদে গিয়ে ধন্যবাদ দিয়েছিলেন বলে আমি মনে করি না,” যোগ করেন তিনি। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় হস্তক্ষেপ হবে না- এমন মন্তব্য করে ক্ষমতাসীন দলের এই নেতা বিরোধী দলের উদ্দেশে বলেন, “যদি সাহস থাকে তাহলে সরাসরি আপনাদের প্রার্থী ঘোষণা করে মাঠে খেলেন, যা হয় হবে। জনগণ যাদের ভোট দেবে, তারাই মেয়র হবে।” গত ২৭ ফেব্র“য়ারি ৬৬ বছর বয়সে মারা যান বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলামগীর কুমকুম। তার স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই সভার আয়োজন করে। জোটের সভাপতি হেমায়েত উদ্দিন বীর বিক্রমের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, চিত্রনায়ক ফারুক অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৪৫৫ ঘ.