ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে মেয়র পদের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ১২ জন।
এর মধ্যে ঢাকা উত্তরের জন্য ছয় জন এবং অন্য ছয় জন দক্ষিণের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন।
এ নিয়ে মেয়র পদে ১৫ জন এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৮০৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
ডিসিসি উত্তর
সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, বিএনপির সাবেক সাংসদ মো. এখলাস উদ্দিন মোল্লা এবং জাসদ নেত্রী শিরীন আকতার বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে ডিসিসি উত্তর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এরপর বিকালে সাবেক ওয়ার্ড কমিশনার বিএনপি নেতা এম এ কাইয়ুম এবং আবদুল্লাহ আল রুমি ও মোহাম্মদ শামসাদ মনোনয়ন সংগ্রহ করেন একই কার্যালয় থেকে।
মনির হোসেন জানান, দুই দিনে ঢাকা উত্তর থেকে মেয়র পদে আট জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮৬ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জ্যেষ্ঠ নেতাদের সমালোচনা করে ‘সংস্কারপন্থী’ হিসাবে পরিচিতি পাওয়া মান্না মনোনয়ন ফরম নেওয়ার পর সাংবাদিকদের জানান, নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন না পেলে ‘নাগরিক কমিটির’ পক্ষ থেকে নির্বাচন করবেন তিনি।
এক প্রশ্নের জবাবে সাবেক এই ডাকসু নেতা বলেন, “আমি তো ঘর ভাঙিনি। এখনো ঘরেই আছি। যেভাবে আছি সেভাবেই নির্বাচন করব। ডিসিসিতে অনেক কিছুই করার আছে। আমি দলকেও বুঝিয়েছি। দলের নেতাদেরও এ কাজে সহায়তা করতে হবে।”
এর আগে সকাল সাড়ে ১০টায় মনোনয়নপত্র সংগ্রহ করে শিরীন জানান, তিনি দলের পক্ষে নয়, ব্যক্তিগতভাবে মনোনয়ন ফরম নিয়েছেন। ভোটাররা তার পক্ষে রয়েছেন।
“আমি কোনো দলের নই। আমি সবার ছাতার নিচে আছি।”
ব্যক্তিগতভাবে ফরম নেওয়ার কথা বলেছেন বিএনপি নেতা এখলাস মোল্লাও।
ডিসিসি উত্তর থেকে বুধবার বিএনপির সাবেক সাংসদ এস এ খালেক ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকী মনোনয়ন ফরম নেন।
ডিসিসি দক্ষিণ
ডিসিসি দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার মেয়র পদের জন্য ৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুর রহমান জানান।
বিকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবেক বিএনপি সাংসদ নাসির উদ্দিন পিন্টুর পক্ষে একটি, ইনামুল হক, আহমেদ নাছির, আ ব ম মোস্তফা আমিন, আখতারুজআমান (আয়াতুল্লাহ) ও এস এম আকরাম মনোনয়ন ফরম নিয়েছেন।
বুধবার ডিসিসি দক্ষিণ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে ও আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন।
এ নিয়ে দক্ষিণে মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫টি মনোনয়ন ফরম বিতরণ করেছেন ডিসিসি দক্ষিণের নির্বাচন কর্মকর্তারা।
বিশেষ অভিযান
ঢাকা উত্তরের রিটার্নিং কমকর্তা মিহির সারওয়ার মোর্শেদ সাংবাদিকদের জানান, সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা চিহ্ন সরিয়ে ফেলতে বুধবার রাতে ইসির সময়সীমা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের একটি দল রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে অন্তত সাত-আটজনের ছবি সম্বলিত পোস্টার পেয়েছে।
‘খোঁজ খবর নিয়ে’ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”, বলেন এই কর্মকর্তা।
আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণের ব্যবস্থা নিতে ইতোমধ্যে দুই সিটি কর্পোরেশনের প্রশাসক, র্যাব মহা পরিচালক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা দিয়েছে ইসি।
গত ৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ মে ঢাকায় ভোট হবে। এর আগে ১৯ এপ্রিল পর্যন্ত মনোনয়পত্র সংগ্রহ করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৯০২ ঘ.
bdnews24