চাঁদপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাটকা, জাল ও স্পিটবোট আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার ভোররাতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। এছাড়া একটি স্পিডবোটে ১০ মণ জাটকা পাচার করার সময় তা আটক করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. জহুরুল হক জানান, বৃহস্পতিবার প্রথম প্রহরে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-১ নামের লঞ্চে অভিযান চালানো হয়। যাত্রীবাহী এ লঞ্চ থেকে কারেন্ট জাল উদ্ধার করা হয়।
জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায় লোকজনের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার।
এর মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১০৩ ঘ.
bdnews24