২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

রাজধানীর আগারগাঁও, কমলাপুর ও মতিঝিলে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য ও এক শিশুসহ চারজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 04:39 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও, কমলাপুর ও মতিঝিলে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য ও এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় বাসের ধাক্কায় পুলিশের একজন সহকারী উপ পরিদর্শক (এএসআই) নিহত এবং দুইজন আহত হন। নিহত পুলিশ সদস্যের নাম মো. বেলায়েত হোসেন (৪২)। তিনি শেরে বাংলানগর থানায় কর্মরত ছিলেন। আহত দুজন হলেন একই থানার কনস্টবল মো. মিজান (৩৭) ও মো. ইউনুস (৫২)। এসআই মতিউর জানান, ওই পুলিশ সদস্যরা ভোরে মিরপুর থেকে আসা রুমানা পরিবহনের একটি বাসকে থামার ইংগিত দিলে চালক তাদের ওপর বাস তুলে দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। সকাল ৬টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, বেলায়েত মারা গেছেন। আহত মিজান ও ইউনুসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাস চালকের সহকারী সেন্টুকে আটক করেছে পুলিশ। এদিকে বুধবার রাত ১১টার দিকে কমলাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এরা হলেন মো. মিজার (১৭) ও স্বপন (১৩)। তারা দুজন ওই এলাকার একটি ছাপাখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক উজ্জ্বল হোসেন খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আনুমানিক ১১টার দিকে কমলাপুর কনটেইনার টার্মিনাল থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার পথে একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পরপরই পুলিশ ট্রাক চালক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে বলে উজ্জ্বল জানান। নিহত দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে বুধবার রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত পরিচয় এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রুবেল নামের এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমলাপুর টিটি কলোনীর সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় শিশুটি আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পথেই মারা যায় সে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/১০৩০ ঘ.