বাগেরহাট, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা পোর্ট পৌরসভা মেয়র পদের নির্বাচনের ফল বাতিল করেছে আদালত।
একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে পুনঃনির্বাচন করারও আদেশ দেওয়া হয়।
বাগেরহাটের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ বুধবার এই রায় ঘোষণা করেন।
গত বছরের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত মংলা পোর্ট পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী জুলফিকার আলী মেয়র নির্বাচিত হন।
এরপর ২০ জানুয়ারি আওয়ামী লীগ সমর্থিত পরাজিত প্রার্থী শেখ আব্দুস সালাম ওই ফল বাতিল চেয়ে বাগেরহাটের নির্বচনী ট্রাইব্যুনালে মামলা করেন।
মামলায় নির্বাচিত প্রর্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, তথ্য গোপন, ভোট কারচুপি ও ভোট কেনা-বেচাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
জেলা জজশিপের নাজির মোহম্মদ জাকারিয়া জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মেয়র পদের নির্বাচনের ফল বাতিল করে নব্বই দিনের মধ্যে পুনঃনির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে।
মামলার বাদী শেখ আব্দুস সালাম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তবে বর্তমান মেয়র জুলফিকার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর তিনি যথাযথ প্রক্রিয়ায় উচ্চ আদালতের শরণাপন্ন হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২২৩ ঘ.
bdnews24