চট্টগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে অপহরণের ৫২ দিন পর এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব। অপহরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে দুই যুবক।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাম প্রশাদ শীল (২৯) ও মো. মামুন। মঙ্গলবার বিকাল ৩টায় কাট্টলীর সিটি গেইট এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অপহৃত ১২ বছরের কিশোরীকে একই দিন বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডের এক ভাড়াটিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়।
বুধবার র্যাব-৭ এর কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার অনির্বাণ চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি বিকালে টাঙ্গাইল সদরের পাতলীপাড়া থেকে ওই কিশোরী অপহৃত হয়। এরপর গত ২৪ ফেব্রুয়ারি কিশোরীর মা বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা করেন।
এ মামলা সম্পর্কে গত সোমবার র্যাব-৭ চট্টগ্রামকে অবহিত করা হলে মঙ্গলবার বিকালে দুই আসামিকে গ্রেপ্তার করা হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে তাদের দেওয়া তথ্যে মতে ওই কিশোরীকে উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃত দুই জনের বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়িতে। তাদের টাঙ্গাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১২৩ ঘ.
bdnews24