ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দশকে ঢাকা ওয়াসায় সংগঠিত অনিয়ম ও দুর্নীতি তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি করেছে তিনটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগরীতে সুপেয় পানি সরবরাহের দাবিতে এক সমাবেশে সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান বলেন, “ঢাকা ওয়াসা রাজধানীবাসীর পানির চাহিদা মেটাতে তো পারছেই না, উপরন্তু ময়লা-আবর্জনাযুক্ত ও পয়ঃবর্জ্যমিশ্রিত পানি সরবরাহ করে ডায়রিয়া, আমাশয় ও কলেরার উপদ্রব বাড়িয়ে দিচ্ছে।”
ওয়াসা দুর্নীতিমুক্ত না হলে এ অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “গত এক দশকে ঢাকা ওয়াসায় যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনসহ সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”
সিটিজেনস রাইটস মুভমেন্ট, গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) ও পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রস্তাবিত পানি আইন-২০১২ বাতিল, নদ-নদী ও প্রাকৃতিক পানির উৎসস্থল ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল, ঢাকা ওয়াসার যৌক্তিক মূল্যে পর্যাপ্ত পরিমাণ বোতলজাত পানি (শান্তি) বাজারজাত করা, সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে টিউবওয়েল স্থাপন এবং বিশুদ্ধ সরবরাহে ব্যর্থতার দায়ে ওয়াসার এমডিকে অপসারণ।
সিটিজেনস রাইটস মুভমেন্ট, গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) ও পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদ আয়োজিত ওই সমাবেশে আরো বক্তব্য দেন জিসিবির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব হাজী মো. শহীদ, প্রকৌশলী ম. ইনামুল হক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৭৩৯ ঘ.
bdnews24