ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮ দশমিক ৬ মাত্রার প্রবল ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই বাংলাদেশসহ ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
সুমাত্রার স্থানীয় সময় ৩টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পের পর বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে কয়েক দফা মৃদু ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর- ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সুমাত্রার ভূমিকম্পনের কেন্দ্র ছিল বান্দা আচেহ থেকে ৪৩৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে। প্রথমে ভূমিকম্পের মাত্রা ৮ দশমিক ৯ বলা হয়েছিল। পরে ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৮ দশমিক ৬ নির্ধারণ করে। একই স্থানে দুই ঘণ্টা পর ৮ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
ভূমিকম্পের পরপরই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। সেন্টারের তৃতীয় সুনামি বুলেটিনে বলা হয়, সুনামি হলে চট্টগ্রামে স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে ঢেউ এসে পৌঁছবে।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫১ মিনিটে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের পঞ্চম বুলেটিনে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়। এর পরের বুলেটিনে ভারত মহাসাগর সংলগ্ন কোনো অঞ্চলেই সুনামির আর আশঙ্কা নেই বলে উল্লেখ করা হয়।
সন্ধ্যা ৭টায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনেও জানানো হয় বাংলাদেশে সুনামি সতর্কতা প্রত্যাহারের বিষয়টি।
এর আগে সুনামি সতর্কতার কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম বন্দরে রাত ১২টা পর্যন্ত সুনামি সতর্কতা জারি করে জাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে সন্ধ্যা সাড়ে ৭টায় তা প্রত্যাহার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বন্দর সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান।
সুমাত্রার ভূমিকম্পের পর বাংলাদেশেও কয়েক দফা মৃদু ভুমিকম্প অনুভূত হয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার।
তিনি জানান, সুমাত্রায় ভূমিকম্পের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে তা অনুভূত হয়। এর পরে সন্ধ্যা পর্যন্ত অন্তত ৮টি আফটার শক হয়েছে যার অন্তত দুটি অনুভূত হয়েছে বাংলাদেশে।
ভূকম্পন কেন্দ্রে সাগরের তলদেশে অনুভূমিকভাবে (হরাইজনটাল) ভূমিকম্প হওয়ায় সুনামির প্রভাব পড়েনি বলে উল্লেখ করেন সৈয়দ হুমায়ুন।
“সাগরতল উল্লম্বভাবে স্থানান্তরিত হলে সুনামি সৃষ্টি হতো। যার প্রভাব বাংলাদেশেও পড়তে পারত।”
ভূমিকম্পের সময় দেশের বিভিন্ন স্থানে আতংকিত মানুষজন ভবন থেকে বের হয়ে আসে।
ঢাকার বাসিন্দা মাহবুব জানান, ওই সময়ে কয়েকবার ভূকম্পন অনুভূত হয়। এসময় অনেকেই ভবন থেকে বেরিয়ে আসে।
রাজধানীর তোপখানা রোড, মিরপুর, উত্তরাসহ অনেক এলাকায় আতংকিত লোকজনকে বাড়িঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
চট্টগ্রামের বাসিন্দা নেছার চৌধুরী জানান, ভবনের কাঁপুনিতে মনে হয়েছে বড় ভুমিকম্প হচ্ছে। কম্পন বেশ কয়েকবার টের পাওয়া গেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/জেকে/এসইউ/পিডি/২০৫৫ ঘ.
bdnews24