ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ষিক ফিটনেস পরীক্ষা ও রুট পারমিট ছাড়া চলাচলকারী নৌযানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আসন্ন বর্ষা মৌসুমে দুর্ঘটনা রোধে মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সুপারিশ করে।
নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে জানানো হয়, দেশে বর্তমানে রুট পারমিট ও ফিটনেস নিয়ে মাত্র আট হাজার নৌযান চলাচল করছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “ফিটনেস ছাড়া নৌ চলাচলে প্রতি বছর দুর্ঘটনায় বহু মানুষ মারা যায়। এ জন্যে কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে কঠোর হওয়ার সুপারিশ করেছে।”
তিনি জানান, মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরির পাশাপশি বর্ষা মৌসুমে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চারটি বড় নৌযানের রুট পারমিট দিতে বলা হয়েছে।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সমুদ্র পরিবহন অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চট্টগ্রাম বন্দরে চলাচলের জন্য বে ক্রসিংয়ের ক্ষেত্রে প্রতিটি নৌ যানকে স্থায়ী বা অস্থায়ী অনুমোদনের আওতায় আনার পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে ভারত ও মিয়ানমারের সঙ্গে পণ্য পরিবহনের জন্য নৌ প্রটোকল অনুযায়ী নৌ-যান নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গুরুত্ব আরোপ করা হয়।
কমিটির সদস্য ও নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান, মনোরঞ্জন শীল গোপাল, মোস্তফা কামাল পাশা, মো. মজাহারুল হক প্রধান, গোলাম কিবরিয়া টিপু, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, নসরুল হামিদ এবং মো. নজরুল ইসলাম বাবু বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০১ ঘ.
bdnews24