মাগুরা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় নতুন চালু হওয়া এক ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ক্লিনিকে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে গেছেন ক্লিনিকটির মালিক।
মঙ্গলবার সকালে অস্ত্রোপচারের পর রুমা খাতুন (২২) নামে ওই নারীর মৃত্যু হয়। তার বাড়ি সদরের সিরিজদিয়া গ্রামে।
রুমার বোন কবিতা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোরে সন্তান প্রসবের জন্য রুমাকে সাগরিকা ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির পরই দ্রুত অস্ত্রোপচার করা হলে সন্তান প্রসবের সময় তিনি মারা যান।
একজন সাধারণ চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের কারণেই রুমার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত চিকিৎসক শ্যামল কুমার বিশ্বাস বলেন, “শ্বাসকষ্টসহ রোগীকে মুমূর্ষু অবস্থায় ক্লিনিকে ভর্তি করা হয়েছিলো। অচেতন করার ওষুধ প্রয়োগের পর তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। পরে অন্য চিকিৎসক এলেও তাকে বাঁচানো যায়নি।”
এলাকাবাসী জানান, একটি পেট্রোল পাম্পের মালিক মহিতোষ বাড়ি ভাড়া নিয়ে সাগরিকা নামে ওই ক্লিনিক তৈরি করেন। এখানে কোন শল্যচিকিৎক নিয়োগ না দিয়ে অস্ত্রোপচারের জন্য একজন সাধারণ এমবিবিএস পাস চিকিৎসককে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্মাণাধীন ওই ক্লিনিকের অনেক কক্ষ এখনো পুরোপুরি ব্যবহারের উপযোগী হয়নি।
ক্লিনিকটির অনুমোদন প্রসঙ্গে জানতে চাওয়া হলে মাগুরা সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী কাওসার রহমান বলেন, “অনুমোদিত হওয়া দূরের কথা, সাগরিকা নামে মাগুরায় কোন ক্লিনিক আছে বলেই আমাদের জানা নেই।”
এ বিষয়ে সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশের ময়নাতদন্ত হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২১১৭ ঘ.
bdnews24