ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- হোটেল পূর্বাণীর দখলে থাকা জমি সরকারকে বুঝিয়ে দিতে ভূমি মন্ত্রণালয়ের দেওয়া নোটিস তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
পূর্বাণী কর্তৃপক্ষের একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেয়।
একইসঙ্গে ওই নোটিস কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই জমি ভোগ দখলে তাদের বাধা না দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
ভূমি সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, রাজউকের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, কোর্ট অব ওয়ার্ডসের (ঢাকা নবাব এস্টেট) ম্যানেজার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মতিঝিল থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
সকালে বাংলাদেশ হোটেলস লিমিটেডের (হোটেল পূর্বাণী) পরিচালক আব্দুল মোহাইমেন রিট আবেদনটি দায়ের করেন।
ভূমি মন্ত্রণালয়ের কোর্ট অব ওয়ার্ডসের (ঢাকা নবাব এস্টেট) ব্যবস্থাপক মো. শহীদুল্লাহ মজুমদার স্বাক্ষরিত গত ৫ এপ্রিল হোটেল পূবার্ণীকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, “সিএস, এসএ, আরএস ও সিটি জরিপে প্রকৃত জমির প্রকৃত মালিক কোর্ট অব ওয়ার্ডস।”
“সে অনুসারে নবাব স্যার সলিমুল্লাহসহ ঢাকার নবাব পরিবারের অন্যান্য ওয়ারিশদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ১৯০৭-০৮ সালে সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। উক্ত জমিতে বাংলাদেশ হোটেলস লিমিটেড অবৈধভাবে হোটেল নির্মাণ করে ব্যবসা করছে।”
নোটিস পাওয়ার ১০ দিনের মধ্যে ওই জমির দখল কোর্ট অব ওয়ার্ডস ম্যানেজারের কাছে হস্তান্তর করতে বলা হয়।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
পরে রুহুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা ই¤প্র“ভমেন্ট ট্রাস্ট (রাজউকের পূর্বসূরী প্রতিষ্ঠান) ১৯৬১ সালে এক একর ৩২ শতাংশ জমির ওই প্লটটি আমার মক্কেলকে বরাদ্দ দেয়। পরে ১৯৬৮ সালে সেখানে হোটেল নির্মাণ করা হয়।”
তিনি বলেন, “গতকাল (সোমবার) পুলিশ গিয়ে সাইনবোর্ড লাগিয়ে উচ্ছেদেরও চেষ্টা করে। এরপর আমরা সকালে হাই কোর্টে রিট আবেদন করি এবং ওই নোটিশে স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি রুলও জারি করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/এসএন/আরএ/২০০৮ ঘ.
bdnews24