চট্টগ্রাম, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদ্যুতের দাবিতে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের আমান বাজার এলাকায় আধ ঘণ্টা সড়ক অবরোধ করেছে স্থানীয় জনগণ।
মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে আধ ঘণ্টার অবরোধে ওই সড়কে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িমুখী যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের উভয় পাশে শত শত যান আটকা পড়ে।
ঘটনাস্থলে থাকা হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. সেন্টু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্যুতের দাবিতে এলাকাবাসী রাস্তা অবরোধ করেছিল। পরে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তারা অবরোধ উঠিয়ে নেয়।”
আমান বাজারের অধিবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচদিন ধরে এই এলাকায় বিদ্যুৎ সংকট চলছে। এতে করে পানি সংকটও দেখা দিয়েছে।
তবে বিদ্যুৎ সংকটের অভিযোগ সত্য নয় দাবি করে সংশ্লিষ্ট হাটহাজারী বিদ্যুৎ সাবস্টেশনের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে বিভিন্ন স্থানে তার ছিঁড়ে যাওয়ায় দুইদিন বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এসইউ/১৪১৬ ঘ.
bdnews24