রাজশাহী, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেম্পু-মিশুক-হিউম্যান হলার শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে রাজশাহীতে চলা বাস ধর্মঘট তৃতীয় দিন বিকালে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আব্দুল হান্নান ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জমান লিটনের সঙ্গে বৈঠকের পর এ ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানান বাস পরিবহন শ্রমিক নেতারা।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেসব সিএনজি’র লাইসেন্স নেই তারা নগরীর বাইরে যেতে পারবে না। যেসব সিএনজি’র লাইসেন্স আছে তারা রাজশাহী থেকে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা পর্যন্ত চলাচল করতে পারবে।
এই সিদ্ধান্তের সঙ্গে টেম্পু শ্রমিক ইউনিয়নের নেতারা একমত হওয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন বাস চলাচল শুরু হয়েছে বলে জানান রবি।
বাস শ্রমিকদের সঙ্গে অটোরিকশা, মিশুক এবং হিউম্যান হলার চালকদের সংঘর্ষের জের ধরে শনিবার সকাল ১১টায় রাজশাহী থেকে চলাচলকারী সব রুটের বাস বন্ধ হয়ে গেলে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়।
এরপর পরিবহন মালিক ও শ্রমিক নেতারা সোমবার বৈঠক করে ২৪ ঘণ্টার মধ্যে ‘হামলাকারীদের’ গ্রেপ্তার করার দাবি জানান। তা না হলে মঙ্গলবার দুপুরের পর উত্তরাঞ্চলজুড়ে লাগাতার বাস ধর্মঘটের হুমকি দিয়েছিলেন নেতারা।
মঙ্গলবার সকালে বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা গাড়িগুলো রাজশাহীতে ঢুকতে পারেনি। প্রায় ২৫ কিলোমিটার দূরে বানেশ্বরে যাত্রীদের নামিয়ে দিচ্ছে বাসগুলো। সেখান থেকে অটোরিকশা এবং ভ্যানে করে শহরে যেতে হচ্ছে যাত্রীদের। এই সুযোগে অটোরিকশার ভাড়া বেড়ে দ্বিগুণ হয়েছে। কোনো কোনো যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা টার্মিনাল ও রাস্তার ধারে অপেক্ষা করতে দেখা গেছে।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ থেকে একটি বাসে রাজশাহীতে আসা ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলের ভাঙা পায়ের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন তিনি। কিন্তু শহরে বাস না ঢোকায় তাদের বানেশ্বরে নামিয়ে দেওয়া হয়। এরপর সিএনজিতে দ্বিগুণ ভাড়া গুণে পৌঁছান মহানগরীর তালাইমারীতে। সেখান থেকে অটোরিক্সায় করে রাজশাহী মেডিকেল যেতে হয়েছে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪১ ঘ.
bdnews24