২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি হেলালের জামিন আবেদন আবারও নাকচ

নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরের করা মামলায় খিলগাঁও থানার সাবেক ওসি হেলালের জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 07:01 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরের করা মামলায় খিলগাঁও থানার সাবেক ওসি হেলালের জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার জামিন নাকচ করেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. শহীদুল ইসলাম। হেলালের আইনজীবী মীর হাসান মো. শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২ এপ্রিল জামিনের আবেদন নাকচ করে হেলাল উদ্দিনকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার আবারও তার জামিন আবেদন নাকচ করা হয়েছে। এর আগে উচ্চ আদালত জামিনের মেয়াদ শেষে ২ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন হেলাল। তখন হাকিম মিজানুর রহমান ওসি হেলালের জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের ‘নির্যাতনের শিকার’ কাদের গত ২৩ জানুয়ারি ওসি হেলালের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেন। ‘মিথ্যা’ অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। কাদেরকে নির্যাতনের অভিযোগ উঠলে উচ্চ আদালতের নির্দেশে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় হেলাল উদ্দিনকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র কাদেরকে গত বছরের ১৫ জুলাই বোনের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের হলে ফেরার পথে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি চেষ্টার দুটি এবং গাড়ি ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা হয়। গাড়ি ছিনতাইয়ের মামলায় ২৩ জানয়ারি কাদের অব্যাহতি পান। ভুয়া অভিযোগে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামলে সমালোচনার মধ্যে পড়ে পুলিশ। উচ্চ আদালতও কাদেরের বিষয় জানতে চায়। এরপর গত বছরের ২৮ জুলাই হাই কোর্ট খিলগাঁও থানার ওসি হেলাল এবং এক জন উপপরিদর্শক এবং সহকারী উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্তের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এসইউ/১২৫১ ঘ.