২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নায়ক ফারুকের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়ক ফারুকের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 05:56 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

গাজীপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়ক ফারুকের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিবাদে সোমবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রায়ের দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফারুক ও জনৈক মোমেন মোল্লাহর বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে। সমাবেশে নাগরীর ইউপি চেয়ারম্যান মো. সিরাজ মোড়ল বলেন, ১৯৭৫ সালে স্থানীয় রায় মোহন সূত্রধর মঠবাড়ি মৌজায় এক একর ৪৪ শতাংশ জমি রায়ের দিয়া উচ্চ বিদ্যালয়ের নামে দলিল করে দেন। জমির দখল বুঝে নিয়ে সেখানে বিভিন্ন গাছপালা লাগায় বিদ্যালয় কর্তৃপক্ষ। এখনো স্কুলের দখলেই আছে ওই জমি। স্কুলকে জমি দেওয়ার ২/৩ বছর পর রায়মোহন মারা যান। পরবর্তীতে স্থানীয় মোহাম্মদ হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা জাল কাগজপত্র তৈরি করে চিত্রনায়ক ফারুক ও মোমেন মোল্লাহর কাছে ওই জমি বিক্রি করে। সিরাজ মোড়ল আরো বলেন, সম্প্রতি ওই জমি দখলের লক্ষ্যে মোমেন মোল্লাহ স্থানীয় এক যুবদল নেতার নেতৃত্বে ওই স্থানে সীমানা প্রাচীর দিতে গেলে এলাকাবাসী বাধা দেয় এবং সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় স্কুলের সাবেক ছাত্রসহ কয়েকজন এলাকাবাসীর বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলা দিয়ে জমি দখলের ষড়যন্ত্র করছে তারা, বলেন ইউপি চেয়ারম্যান সিরাজ। সমাবেশে আরো বক্তব্য রাখেন ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, ডা. ফজলুল হক তালুকদার, বিদ্যালয়ের সাবেক ছাত্র মেজবাহ উদ্দিন বাদশা প্রমুখ। এ ব্যাপারে ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা কি মগের মুল্লুক নাকি! স্কুলের জায়গার কথা তুলে এসব করলে আমি দিয়ে দেব? “এটি আমার কেনা জমি। স্থানীয় কয়েকজন টাকা খাওয়ার পাঁয়তারা করছে। দলিলের আলোকে কথা বলতে চাইলে তারা কেউ কাছে আসে না। বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৪৮ ঘ.