ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পঞ্চম আদমশুমারির তথ্য যাচাইয়ের ফল বিস্ময়কর বলে মন্তব্য করেছেন অধ্যাপক একেএম নুরুন নবী।
জনসংখ্যা বিষয়ক এই বিশেষজ্ঞ মনে করছেন, আদমশুমারিতে সিটি কর্পোরেশন ও গ্রামীণ এলাকায় বাদ পড়া মানুষের হার প্রায় সমান বলে বিআইডিএস যে তথ্য দিয়েছে- তা সঠিক নয়।
গত বছর আদমশুমারিতে পাওয়া তথ্য পর্যালোচনা করে সোমবার বিআইডিএস জানায়, তাদের মূল্যায়নে সিটি কর্পোরেশন এলাকায় তিন দশমিক ৮৫ শতাংশ মানুষ গণনায় বাদ পড়েছে। আর গ্রামে বাদ পড়াদের হার তিন দশমিক ৭৯ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক নুরুন নবী বলেন, “এটা খুবই স্বাভাবিক যে, সিটি কর্পোরেশন এলাকায় জরিপকারীদের জন্য মানুষের কাছে পৌঁছানো সীমাবদ্ধ থাকবে এবং গ্রামে তা অনেক সহজ হবে।”
“শহরের মানুষ ব্যস্ত থাকেন। অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই, শহরের অনেক বাড়িতে জরিপকারীরা ঢুকতে পারেনি।”
বাদ পড়াদের বিষয়ে বিআইডিএসের তথ্য তাকে ‘বিভ্রান্ত করেছে’ বলেও উল্লেখ করেন এ জনসংখ্যাবিদ।
তবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মুস্তফা কে মুজেরির দাবি, তাদের ভুল হয়নি।
“আদমশুমারির সময় শেষ হওয়ার পরেও শহরের মানুষ গণনা করেছে বিবিএস। তাই তথ্য যাচাই-বাছাইয়ের সময় আমরা কম ভুল পেয়েছি।”
২০০১ সালের আদমশুমারির সময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনসংখ্যার চূড়ান্ত হিসাব প্রকাশের আগে শহরের অধিবাসীর সংখ্যার সঙ্গে সাত দশমিক ৬৭ শতাংশ এবং গ্রামের অধিবাসীর সংখ্যার সঙ্গে চার দশমিক ৫৪ শতাংশ যোগ করে।
আদমশুমারির প্রকল্প পরিচালক অসীম কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদমশুমারি শেষ করার পরও তারা অনেককে তালিকাভুক্ত করেছেন।
“ঢাকা, চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে আমরা সাত দিনের মতো গণনা অব্যাহত রেখেছিলাম। প্রাথমিক ফলে ওই সংখ্যাও যোগ হয়েছে।”
গত বছর ১৬ জুলাই ঘোষিত আদমশুমারির প্রাথমিক ফল অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। তখন থেকেই আদমশুমারি করার ক্ষেত্রে বিবিএসর দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।
এদিকে এবারই প্রথমবারের মতো আদমশুমারির তথ্য যাচাই-বাছাইয়ের দায়িত্ব পায় বিআইডিএস।
আদমশুমারির চূড়ান্ত ফলে মোট জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার, মানুষের খাদ্য, শিক্ষা পরিস্থিতি, অবকাঠামো, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ বিষয়ে মূল্যায়নের পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ হার নিয়ে বিশ্লেষণ থাকবে।
বিবিএসের মহাপরিচালক সোমবার বলেন, ভুল সংশোধন করে আগামী জুনের মধ্যে পঞ্চম আদমশুমারির চূড়ান্ত ফল জানাতে পারবেন তারা।
নির্বাচন কমিশন বিধি অনুসারে, আদমশুমারির ফলের ওপর ভিত্তি করে ভোটার তালিকা হালনাগাদ করা বাধ্যতামূলক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/২৩২৫ ঘ.
bdnews24